হোম > জাতীয়

শিশু ধর্ষণের ঘটনায় এমজেএফের নিন্দা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কুষ্টিয়ার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। শিশুদের ওপর চলমান যৌন সহিংসতার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। পর্যাপ্ত নজরদারি ও জবাবদিহির ঘাটতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করে তারা।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিশুদের প্রতি ব্যক্তিগত পরিসরে, জনসমাগমস্থলে এবং মাদ্রাসার মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও সহিংসতার ঘটনা ঘটছে। আইন ও সালিস কেন্দ্রের (আসক) তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শিশুদের প্রতি সহিংসতার ৭১টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৮ জন কন্যাশিশু ও দুইজন ছেলেশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া ১৪ জন কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা রয়েছে এ তালিকায়। ২০২৫ সালে শিশুদের প্রতি সহিংসতার মোট ১ হাজার ২৪টি ঘটনা নথিভুক্ত করেছে আসক।

এমজেএফ এই বিষয়ে দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে। সংসদে যৌন হয়রানি প্রতিরোধে আইন পাস না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন নিশ্চিত করতে বলেছে তারা।

এমজেএফ জানায়, কুষ্টিয়ার শিশুটির জীবন রক্ষার লড়াই চলছে। শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে সংহতি প্রকাশ করেছেন এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, ভয় ও নীরবতার কারণে মাদ্রাসায় শিশুদের ওপর যৌন সহিংসতার ঘটনা সচরাচর প্রকাশ পায় না। বেশির ভাগ ক্ষেত্রে গুরুতর শারীরিক ক্ষতি বা মৃত্যুর মতো ঘটনা না ঘটলে এসব বিষয় সামনে আসে না। অপরাধীরা প্রতিষ্ঠানের আড়ালে নিজেদের লুকিয়ে রাখে এবং শিশুরা কথা বলার সুযোগ না পাওয়ায় তারা আরও বেশি ঝুঁকির মুখে পড়ে।

বিবৃতিতে বলা হয়, যে মাদ্রাসায় শিশুটি আবাসিক ছাত্রী ছিল, সেই মাদ্রাসার প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে শুধু গ্রেপ্তার করলেই শিশুদের ওপর চলমান এই নৃশংসতা বন্ধ হবে না। এর জন্য প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচারিক ও প্রশাসনিক পদক্ষেপ, এবং অভিভাবকদের মধ্যে আরও সচেতনতা তৈরি। কারণ, শিশুরা ঘর, স্কুল, মাদ্রাসা কিংবা জনসমাগমস্থল- সব জায়গাতেই সহিংসতার ঝুঁকিতে রয়েছে।

মে মাসে মব সহিংসতায় নিহত ৩২, ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: এমএসএফ

আমাদের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে প্রায় ৭ লাখ যান পারাপার

জঙ্গল সলিমপুর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী