হোম > জাতীয়

বাজেট অধিবেশন শুরু: তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) শুরু হয়েছে। আজ রোববার বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের প্রথম দিনে উনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

আজ বৈঠকে শুরুতে এই অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁরা হলেন সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন।

অধিবেশনে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সংসদে গৃহীত হয়। মৃতদের স্মরণে এক মিনিট শোক প্রকাশ করে জাতীয় সংসদ। পরে মোনাজাত পরিচালনা করেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

অধিবেশনে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতে শোক জানানো হয়।

এ ছাড়া বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো. সামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

সংসদের রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, এমপি ও দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এ ছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন, প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুল-সংগীতশিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির ও সাংবাদিক গাজী রুহুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

গাজী নজরুল কি সংসদ সদস্য পদও হারাচ্ছেন

বিদ্যুৎ বিতরণ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী নৌবাহিনীর প্রধান

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হলো আহমদ ছফার দেহাবশেষ

বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ

ইউপি চেয়ারম্যান নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কেন নয়: হাইকোর্টের রুল