হোম > জাতীয়

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের ছবিটি ‘আইসিইউতে থাকার সময় নয়’, দাবি জেল কর্তৃপক্ষের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছবিটি তাঁর ‘আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়’ বলে দাবি করেছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারাবন্দী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫)। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন তিনি।

সাবেক মন্ত্রী নূরুল মজিদের মৃত্যুর পর তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, তিনি হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর চোখ বন্ধ।

মন্তব্যের ঘরে কেউ কেউ বলেন, মুমূর্ষু অবস্থায়ও নূরুল মজিদকে হাতকড়া পরিয়ে রাখা হয়। মৃত্যুর পরও তাঁর হাতে হাতকড়া পরানো ছিল—এমন মন্তব্যও করতে দেখা যায়।

তবে সাবেক শিল্পমন্ত্রী ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালে ওই ছবি ‘তোলা হয়নি’ বলে দাবি করেছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে।

বাংলাদেশ জেল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি কোনোভাবেই তাঁর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়। সবার প্রতি অনুরোধ, দায়িত্বশীল নাগরিক বা মাধ্যম হিসেবে মৃত একজন ব্যক্তিকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থতার কারণে কারাবন্দী অবস্থায় সাবেক এই মন্ত্রীকে একাধিকবার যথাযথ নিয়মে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

বাংলাদেশ জেল কর্তৃপক্ষ পুনরায় নিশ্চিত করেছে, ‌‘সব বন্দীর মানবিক মর্যাদা রক্ষায় আমরা সর্বদা দায়িত্বশীল এবং উক্ত ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।’

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র, সফরকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলছে মালে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া সংবাদ নয়, মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন

পদত্যাগ করলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন