হোম > জাতীয়

ঢাকা-গাজীপুরসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে ঢাকাসহ তিন মেট্রোপলিটন শহর এবং তিন জেলায় নয় দিনের জন্য সেনা সদস্য মোতায়েন করেছে সরকার।

ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে ন্যস্ত করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেখানে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের ২২ থেকে ৩০ জুন পর্যন্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে অর্পণ করা হয়েছে। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়েছে।

আগামী নয় দিন ছয় জেলায় সেনা কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নেবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় সেনা সদস্য মোতায়েনের জন্য সোমবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেয়।

আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনকে সামনে রেখে দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে শুধু রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার দুপরের পর থেকে গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।