সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত সাতটি ফ্লাইটের ২ হাজার ৫৩২ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়টি অবহিত করছে।
আজ রোববার (১১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান।
স্কোয়াড্রন লিডার সাকিব বলেন, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সাতটি ফ্লাইটের ২ হাজার ৫৩২ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংশ্লিষ্ট এয়ারলাইনস তাদের যাত্রীদের এ বিষয়ে অবহিত করছে।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী যাত্রার বিষয়ে নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতি একটি বৈশ্বিক সংকটের অংশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে অপেক্ষা করার অনুরোধ করা হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এর প্রভাব পড়ে ঢাকা-রিয়াদ রুটের বিমান চলাচলেও। যাত্রীদের যাত্রাসূচি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও ফ্লাইট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।