হোম > জাতীয়

কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞপ্তি

কোস্ট গার্ড সদর দপ্তরে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এই তথ্য জানান।

সামুদ্রিক নৌপরিবহন একটি গুরুত্বপূর্ণ সেক্টর। দেশের বিস্তৃত সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা, বন্দর, নৌপথ এবং ক্রমবর্ধমান সামুদ্রিক কার্যক্রমের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে, আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনের অধীনে বাংলাদেশের দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নৌপরিবহন অধিদপ্তর (Department of Shipping-DoS) নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের Maritime Safety Administration হিসেবে জাহাজের নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং জাহাজ হতে সামুদ্রিক দূষণ প্রতিরোধ-সংক্রান্ত দায়িত্ব পালন করে। অপরদিকে, বাংলাদেশ কোস্ট গার্ড (BCG) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে বাংলাদেশের সামুদ্রিক এলাকায় আইন প্রয়োগ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। দুটি প্রতিষ্ঠান পৃথক মন্ত্রণালয়ের অধীন এবং তাদের দায়িত্ব ও কার্যপরিধি ভিন্ন হলেও সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে তাদের কার্যক্রমের মধ্যে গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক রয়েছে।

এই প্রেক্ষাপটে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে একটি সুশৃঙ্খল ও কার্যকর সমন্বয় কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমঝোতা স্মারক (MoU) প্রণয়ন করা হয়েছে। সমঝোতা স্মারকটি মূলত সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা এবং সামুদ্রিক Search and Rescue (SAR) কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার একটি কাঠামো প্রদান করবে।

কেন এই সমঝোতা স্মারক প্রয়োজন

আন্তর্জাতিক সামুদ্রিক বাধ্যবাধকতা কার্যকরভাবে বাস্তবায়ন কোনো একটি প্রতিষ্ঠানের একক প্রচেষ্টায় সম্ভব নয়। আন্তর্জাতিক নৌ সংস্থার SOLAS, MARPOL, ISPS Code এবং SAR Convention সহ বিভিন্ন আন্তর্জাতিক সামুদ্রিক বিধান বাস্তবায়নে নীতিমালা, আইন, প্রয়োগ, অপারেশনাল কার্যক্রম, তথ্য বিনিময়, প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত সাড়া দানের প্রয়োজন হয়।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট সমন্বয় এবং প্রয়োজনীয় তথ্য ও কারিগরি তথ্যের আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে IMO-এর বাধ্যতামূলক Instrument-এর সংশোধনী বাস্তবায়নে সহযোগিতা এবং সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ থেকে দূষণ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম পরিচালনা আরও কার্যকর হবে।

এ ছাড়া, সামুদ্রিক Search and Rescue কার্যক্রমে সহযোগিতা, যৌথ সভা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম এবং জরুরি মহড়ার আয়োজন করা সম্ভব হবে। আন্তর্জাতিক অডিট ও যাচাই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় বাস্তবায়ন-সংক্রান্ত তথ্য ও প্রমাণ সংরক্ষণও আরও কার্যকরভাবে সম্পন্ন করা যাবে।

কেন এটি গুরুত্বপূর্ণ

এই সমঝোতা স্মারকের গুরুত্ব কেবল একটি প্রশাসনিক দলিল স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নিয়ন্ত্রক দায়িত্ব ও মাঠপর্যায়ের আইন প্রয়োগ ও অপারেশনাল সক্ষমতার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করবে। নৌপরিবহন অধিদপ্তর যেখানে নীতিমালা, বিধিবিধান ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাস্তবায়নের ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করে, সেখানে বাংলাদেশ কোস্ট গার্ড তার মাঠপর্যায়ের উপস্থিতি ও আইন প্রয়োগের সক্ষমতার মাধ্যমে সামুদ্রিক এলাকায় কার্যকর ভূমিকা পালন করে।

দুই প্রতিষ্ঠানের এই সমন্বিত সক্ষমতা কাজে লাগানো গেলে সামুদ্রিক দুর্ঘটনা ও ঝুঁকি প্রতিরোধ আরও কার্যকর হবে। দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত সাড়া প্রদান এবং সামুদ্রিক পরিবেশ ও দূষণ নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়বে। একই সঙ্গে জাহাজ ও বন্দর নিরাপত্তা জোরদার, সমুদ্রে জীবন ও সম্পদের সুরক্ষা এবং বাংলাদেশের আন্তর্জাতিক সামুদ্রিক দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়ন আরও কার্যকর হবে।

সমঝোতা স্মারকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, নিয়মিত Compliance Review, Search and Rescue বিষয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী Standard Operating Procedure (SOP) হালনাগাদের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

ভবিষ্যৎ প্রত্যাশা

নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের সামুদ্রিক ক্ষেত্রে আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি নিরাপদ নৌপরিবহন, সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং কার্যকর Search and Rescue ব্যবস্থা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

এই সমঝোতা স্মারকের প্রকৃত সাফল্য কেবল এর স্বাক্ষরের মাধ্যমে নয়; বরং এর আওতায় নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময়, যৌথ প্রশিক্ষণ, মহড়া, বাস্তবায়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দৃশ্যমান ফলাফল অর্জনের মধ্যেই নিহিত। এর মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রশাসনিক সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক অঙ্গনে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকা আরও সুদৃঢ় হবে।