হোম > জাতীয়

শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে হাইকমিশনে আবেদন আইনি সংস্থার: রয়টার্স

আজকের পত্রিকা ডেস্ক­

শেখ হাসিনা। ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আজ সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এই আবেদন করেছে শেখ হাসিনার পক্ষে একটি আইনি সংস্থা। এই আবেদনসংক্রান্ত একটি চিঠি দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম এ ধরনের কোনো যোগাযোগ করা হলো।

শেখ হাসিনার এই আবেদনকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের পথে একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ শাসনের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তাঁর এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এল, যখন দেশে তাঁর রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

এর আগে শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে ই-মেইলে জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। আজ সোমবার তাঁর সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থান দমনে মানবাধিকার লঙ্ঘনের মতো সহিংস বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে যেসব খবর প্রকাশিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বিনীতভাবে অনুরোধ করছি—আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’

চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং ‘আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদে উল্লেখিত বাধ্যবাধকতা’ অনুসরণ করে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় বাংলাদেশ সরকারের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় মোতায়েন ১০ প্লাটুন আনসার

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

নামের মিলে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

ভূমির নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সুপারিশ

‘সাক্ষীরা বলেন তাঁরা ন্যায়বিচার চান, আমিও ন্যায়বিচার চাচ্ছি’—ট্রাইব্যুনালে সালমান এফ রহমান

সংসদের চতুর্থ অধিবেশনে উঠছে যে ৩ অধ্যাদেশ, বিল

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে কাল, চলবে ৮ কার্যদিবস

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব