হোম > জাতীয়

ধর্মীয় মাহফিলে শিশুশ্রম প্রতিরোধে কথা বলার আহ্বান শ্রমমন্ত্রীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কেআইবি মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রমমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

ধর্মীয় মাহফিলে শিশুশ্রমের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম (সিএলইপি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শ্রমমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি ধর্মপ্রাণ দেশ। মসজিদের খুতবা, মাদ্রাসা এবং ধর্মীয় মাহফিলে যদি ইমাম ও আলেমরা শিশুশ্রমের বিরুদ্ধে কথা বলেন এবং শিশুদের শ্রমে নিয়োজিত না করার বিষয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব অনেক বেশি হবে। আমাদের শুধু শিশুশ্রম নয়, শিশুর জন্মের পর থেকেই তার সুস্থ বিকাশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে। অসুস্থ বা প্রতিবন্ধী হয়ে বেড়ে ওঠা শিশুর প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। মানবসম্পদ আমাদের সবচেয়ে বড় সম্পদ। সেই সম্পদকে সঠিকভাবে গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব।’ শিশুশ্রম নিরসনে সরকার পাইলট প্রকল্প গ্রহণ করবে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বৈশ্বিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুশ্রম পরিস্থিতির একটি সার্বিক চিত্র উপস্থাপন করা হয়। ২০২৪ সালে প্রকাশিত আইএলও এবং ইউনিসেফের পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, বিশ্বে শ্রমে নিয়োজিত শিশুদের মধ্যে ৬১ শতাংশ কৃষি কাজে সম্পৃক্ত। ১৩ শতাংশ শিল্প খাতে এবং ২৭ শতাংশ সেবা খাতে নিয়োজিত রয়েছে।

২০২২ সালের বিবিএসের (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, বাংলাদেশে ৩০ লাখের বেশি শিশু বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত। এর মধ্যে শিশুশ্রমের আওতায় রয়েছে ১০ লাখের বেশি শিশু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তারফদার। বিশেষ অতিথি ছিলেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। অনুষ্ঠানে শিশুরা শিশু অধিকারবিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে এবং দুজন শিশু প্রতিনিধি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে।

অনুষ্ঠানের একটি পর্বে ‘বাংলাদেশে শিশুশ্রম নিরসনে কার্যকর পদক্ষেপ ও সবার যৌথ দায়িত্ব’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় সরকার, নিয়োগকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং আইএলওর প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় শিশুশ্রম নিরসনে বাস্তবসম্মত সমাধান এবং অংশীজনদের যৌথ দায়িত্ব ও করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।

অর্থবিলের ভোটে আমিনুল হককে অংশ নিতে নিষেধ করলেন স্পিকার

মুস্তাফা মনোয়ারকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: প্রধানমন্ত্রী

বাড়ি-খেলার মাঠ যেখানেই সুযোগ পাও, চারা রোপণ করো—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ নির্ভরযোগ্য অংশীদার: আইজিপি

সেই দুই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু: সংসদে মন্ত্রী

চাকরির জন্য তরুণদের অপেক্ষা করতে হবে না, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বনানী কবরস্থানে সমাহিত হচ্ছেন মুস্তাফা মনোয়ার