হোম > জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের আরও ৫১৮ ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের যুক্তরাজ্যে থাকা আরও ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের এসব সম্পদ ক্রোকের নির্দেশনা চেয়ে আবেদন করেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত এসব সম্পদের দালিলিক মূল্য দেখানো হয়েছে ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।

এর আগে সাবেক এই মন্ত্রীর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ৮৯৮টি বাড়ি, ফ্লাট, অ্যাপার্টমেন্ট ও দোকান ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছিল।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ঘুষ-দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন করে দখলে রেখেছেন ও বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জন করেছেন। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। তাঁর দুর্নীতি ও অর্থ পাচারের ব্যাপক অনুসন্ধান কার্যক্রম চলছে। আবার মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলছে।

সাইফুজ্জামানের বিরুদ্ধে করা মামলার তদন্ত ও তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের অনুসন্ধান চলাকালে সাইফুজ্জামান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্টদের যুক্তরাজ্যে আরও ৫১৮টি সম্পদ রয়েছে। রাষ্ট্রীয় প্রয়োজনে এসব সম্পদ ফেরত আনা জরুরি। এ জন্য সেগুলো ক্রোকের নির্দেশ প্রয়োজন।

শুনানি শেষে আদালত ক্রোকের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আদালতের নির্দেশ কার্যকর করতে দুদককে সহযোগিতা করার নির্দেশ দেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ জানুয়ারি সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের সাতটি দেশে থাকা ৩২৮টি বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও দোকান ক্রোকের নির্দেশ দেওয়া হয়। ২০২৫ সালের ৫ অক্টোবর সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ছয়টি ফ্ল্যাট ও নয়টি ভবন ক্রোকের নির্দেশ দেন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত। গত বছরের ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গত ৫ মার্চ তাঁর ৩৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।

গত ৯ মার্চ সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ এবং ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। গত ৯ জুলাই ৫৭৬ কোটি টাকার বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। গত ২৮ অক্টোবর ৪৪ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।

২০২৪ সালের ৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। সম্প্রতি সাইফুজ্জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাসহ রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

তিন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে জামায়াত প্রার্থীর আবেদন

লোকসান কমাতে সমঝোতার চেষ্টা করছি: বিদ্যুৎমন্ত্রী

১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোনীত হয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না কবি মোহন রায়হান

নতুন হিসাবে গণভোটের ভোটার কমল প্রায় ১১ লাখ

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

পুলিশে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিতের নির্দেশ ইসির

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী