হোম > জাতীয়

হাটহাজারীতে নিহত দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আজকের পত্রিকা ডেস্ক­

আজ মঙ্গলবার সকালে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকালে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর তেজগাঁওয়ে কার্যালয়ে আসেন। এ সময় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

নিহত দুই সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে—এ আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।’