মোবাইল টাওয়ারের বিকিরণে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, সে বিষয়ে বুয়েটের মাধ্যমে গবেষণা করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ বিটিআরসিকে এ নির্দেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, আগামী ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন।
রায়ে ক্ষতিকর বিকিরণের বর্তমান মাত্রা কতটুকু কমানো যায়, ফিল্ড সার্ভে করে বিটিআরসিকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। সেই সঙ্গে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আদালত পাড়াসহ জনসমাগমস্থলে যা এ ধরনের টাওয়ার স্থাপন করা না হয়, সেটি গাইডলাইনে অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়।