হোম > জাতীয়

‘জিএম তো নাই’—সংসদে স্পিকারের রসিকতা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত প্রশ্ন উত্থাপনের জন্য জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে ফ্লোর দিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মাইক্রোফোনে নাম ডাকার পর স্পিকার ফ্লোরে লক্ষ্য করেন, নজরুল ইসলাম তাঁর আসনে নেই। এরপরই স্পিকার হাস্যরসাত্মক কণ্ঠে বলে ওঠেন, ‘জিএম তো নাই।’

আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটেছে। স্পিকারের মন্তব্যে অধিবেশনে উপস্থিত অনেকেই হেসে ওঠেন। সংসদ সদস্যের এই অনুপস্থিতির কারণে নিয়ম অনুযায়ী অধিবেশনের প্রশ্নটি আর উত্থাপিত ও আলোচিত হতে পারেনি।

জিএম নজরুল ইসলাম লিখিত প্রশ্নে বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত, সেগুলো কোথায় অবস্থিত, আদালতগুলোয় বিচারাধীন মামলার সংখ্যা কত এবং দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে—তা জানতে চেয়েছিলেন।

এই প্রশ্নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রস্তুত করা লিখিত জবাব থেকে জানা যায়, বর্তমানে দেশে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল এবং ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি শ্রম আদালত কার্যকর রয়েছে। এই আদালতগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় অবস্থিত। গত ৩১ জুলাই পর্যন্ত উক্ত আদালতগুলোতে ২৯ হাজার ৯২৭টি মামলা বিচারাধীন আছে।