হোম > জাতীয়

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ছবি: সংগৃহীত

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা জানান, সকাল ৯টার দিকে সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল মন্ত্রীর গাড়িটি। এ সময় ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। পরে উল্টো পথে চলার অভিযোগে গাড়িটির বিরুদ্ধে একটি এবং চালকের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। দুই মামলায় তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা জানান, গাড়িটির চালকের নাম আরিফ হোসেন। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও ছিলেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘সরকারের শীর্ষ মহল থেকে আমাদের কাজ করার সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হয়েছে। এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। সাধারণ মানুষেরও আইন ভঙ্গ করার আর সুযোগ থাকবে না।’