হোম > জাতীয়

কোটালীপাড়ায় কয়েক হাজার নেতা-কর্মীর সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী, মেন্যুতে যা ছিল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নেতা-কর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

আজ শনিবার দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে নির্মিত সুবিশাল প্যান্ডেলে বসে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি দুপুরের খাবার গ্রহণ করেন। 

খাবারের তালিকায় ছিল সাদা ভাত, খাসির মাংস, সবজি, ডাল ও সেমাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বসে খাবার খেতে পেরে নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে আবার আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। তাঁরা প্রধানমন্ত্রীর প্রশংসা করে আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার আগে থেকে আওয়ামী লীগ করি। এভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি যেতে পারিনি। আজ একসঙ্গে বসে দুপুরের খাবার খেলাম। এটা আমাদের জীবনের পরম পাওয়া।’ 

সুরেন্দ্রনাথ আরও বলেন, ‘এখানে কোনো হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই। আমরা সকলে মিলে একই প্যান্ডেলে বসে ঈদের খাবার খেলাম। এটা সত্যিই আনন্দের। বাংলাদেশ আওয়ামী লীগ যে একটি অসাম্প্রদায়িক দল, এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’ 

একইভাবে আনন্দ প্রকাশ করে কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামের বৃদ্ধ আবুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছাকাছি গিয়ে এভাবে কোনো দিন একসঙ্গে বসে খেতে পারিনি। আজ একসঙ্গে দুপুরের খাবার খেলাম। আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন।’ 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসেন। এখানে তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে নিম, বকুল ও আমের তিনটি চারা রোপণ করেন। পরে তিনি নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন। 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শাহাজাহান খান এমপি, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ শেষে শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশে কোটালীপাড়া ত্যাগ করেন। টুঙ্গিপাড়ায় তিনি আগামীকাল রোববার স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী: প্রথম ধাপে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন ১০ হাজার জন

প্রধান কার্যালয় ঢাকায় নেওয়ার পালে হাওয়া

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

ডেন্টাল ডিপ্লোমাধারীদের থাকতে হবে সহকারী হিসেবেই

৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান

মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

সংস্কৃতির মাধ্যমেই মানুষের মানবিক চেতনার বিকাশ ঘটে: সংস্কৃতিমন্ত্রী

সব ধর্ম ও সম্প্রদায়ের সম-অধিকার নিশ্চিত করবে সরকার: মির্জা ফখরুল

আহমদ ছফার কবর স্থানান্তরে সিটি করপোরেশন রাজি, জেলা প্রশাসন নীরব

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন