হোম > জাতীয়

ওসমান হাদি হত্যায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের নামে দুদকের দুই মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাল নথিপত্র তৈরি করে কোটি টাকা আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দুটি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই সঙ্গে ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক সূত্রে জানা গেছে, জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে দুটি কোম্পানিকে জয়েন্ট ভেঞ্চারে যুক্ত করার কথা বলে টেন্ডার সিকিউরিটি বাবদ ৯৫ লাখ ৬৯ হাজার টাকার পে-অর্ডার নেওয়া হয়। পরে জাল ও বানোয়াট ট্রেড লাইসেন্স ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাব খোলা হয়। ওই হিসাবের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, জাল দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ইনডিড ক্লাউড বিডির হিসাব থেকে অর্থ প্রথমে ফয়সালের নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান এপল সফট আইটির হিসাবে নেওয়া হয়। পরে তা তাঁর নিজের নামে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়। সবশেষে তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার নামে একই ব্যাংকের বেনারসি-পল্লী উপশাখায় এফডিআর করা হয়।

এ ঘটনায় ফয়সাল করিম মাসুদ, মিডল্যান্ড ব্যাংকের রূপনগর উপশাখার কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ও মো. সারোয়ার হোসেন এবং ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হবে।

এ ছাড়া ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

অন্যদিকে তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার নামে ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে তাঁকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা প্রয়োগ করা হবে।

ওসমান হাদি জুলাই গণ-অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি পান। জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে তিনি বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন। পরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ছয় দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ফয়সাল করিম পলাতক। বর্তমানে ভারতে আটক আছেন বলে জানা যায়।

হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্তে তাঁর ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্যও উঠে আসে। ২০২৫ সালের ডিসেম্বরে সিআইডি ফয়সাল ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল।

এর আগে ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন।