সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
ডিএমপির তেজগাঁওয়ের গোয়েন্দা বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে মামলার ৩ নম্বর আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমানকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি (সাবেক র্যাব)। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের কাছে তাঁকে হস্তান্তর করা হলে তাঁকে আদালতে পাঠানো হয়। তিনি বলেন, ওবায়দুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত রোববার সন্ধ্যায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করা হয়। ওই রাতে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। ওবায়দুর রহমান পলাতক ছিলেন। এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন ওবায়দুর রহমান।
আরও পড়ুন—