গণতন্ত্র ও অর্থনৈতিক স্বাধীনতার সুফল নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যাতে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করতে পারে এবং স্বাধীনতার সুফল পায় সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।’
আজ শনিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই স্মৃতি সমাবেশ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘অন্যায়, অনিয়ম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সজাগ ও সচেতন থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, ভবিষ্যতেও অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একইভাবে সবাইকে সচেতন থাকতে হবে।’
একটি মহল দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা বিভিন্ন অজুহাতে দেশে অস্থিতিশীল ও উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। তাই দেশের মানুষকে সব সময় সজাগ ও সচেতন থাকতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রের পথ থেকে বাংলাদেশকে পিছিয়ে দিতে পারবে না।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘গণতান্ত্রিক সমাজে মতের পার্থক্য থাকতেই পারে। একজন যে বিষয়টি যেভাবে দেখেন, অন্যজন সেভাবে নাও দেখতে পারেন। কিন্তু ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহনশীলতাই গণতন্ত্রের সৌন্দর্য। জনগণের যৌক্তিক মতামত ও শক্তিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। দেশের স্বার্থে জনগণের মতামতকে সম্মান জানিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে।’
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার জন্য মানবিক সংগঠন ‘বিবেক’-এর পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। এ সময় প্রধান বক্তা হিসেবে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, বিশেষ অতিথি হিসেবে কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার উপস্থিত ছিলেন।