হোম > জাতীয়

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ফাইল ছবি

জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ তাঁকে রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।

দুপুরের পর মামুন খালেদকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার দিবাগত সাড়ে ১২টার দিকে রাজধানীর ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

ঘটনাস্থলে গুরুতর আহত দেলোয়ার হোসেনকে প্রথমে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামিদের তথ্য সংগ্রহ, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য শেখ মামুন খালেদকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাঁর নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে।

মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন তিনি।

প্রতিবন্ধী ব্যক্তিদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট

ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু