হোম > জাতীয়

চুক্তিতে ফ্রান্সের রাষ্ট্রদূত থাকছেন তালহা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। ছবি: সংগৃহীত

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহাকে চাকরির মেয়াদ শেষেও একই পদে রেখে দিচ্ছে সরকার।

পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে আগামী ৩ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে ফ্রান্সের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তালহাকে চুক্তিতে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক থাকাকালে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর তালহাকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তালহা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং লন্ডন ও তেহরানে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।