মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১৬ দিনে ৫০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন এবং বিমান চলাচলের সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় এসব দেশের গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো বাতিল করতে হচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল করা হয়।
এদিকে ১৫ মার্চ রাত ১২টার পর থেকে আরও ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ২টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাই দুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৫০০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।