হোম > জাতীয়

সরকারি চাকরির পরীক্ষায় ‘প্রক্সি’: ৯ মাসেই তিন শতাধিক সাজা

এস এম নূর মোহাম্মদ, ঢাকা

ছবি: সংগৃহীত

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের নিয়োগ পরীক্ষায় আসল আবেদনকারীর বদলে অর্থ বা চুক্তির বিনিময়ে ভুয়া পরীক্ষার্থী বা ‘প্রক্সি’ দেওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে কেবল রাজধানী ঢাকাতেই বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন শতাধিক ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একের পর এক এমন ঘটনায় দেশের সামগ্রিক পরীক্ষা ব্যবস্থা ও নৈতিক মানদণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন আইন বিশেষজ্ঞরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে আটক হয়েছেন ৩১৯ জন। এ ঘটনায় মোট ১১৫টি মামলা করা হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতারণামূলকভাবে অংশ নেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায়। সহকারী জজ নিয়োগের এই পরীক্ষায় ২৪৬ জনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ১০৫টি মামলা করা হয়।

এছাড়া অন্যান্য দপ্তরের মধ্যে: কারারক্ষী নিয়োগ পরীক্ষায় আটক ৩০ জন (মামলা ৩টি); খাদ্য মন্ত্রণালয়ের পরীক্ষায় আটক ২৮ জন; ভূমি মন্ত্রণালয়ের পরীক্ষায় আটক ৮ জন; সংস্থাপন মন্ত্রণালয়ের পরীক্ষায় আটক ৩ জন এবং রেলওয়ে ও সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ পরীক্ষায় দুই জন করে আটক হয়েছেন।

আটকদের মধ্যে প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভাইভা (মৌখিক পরীক্ষা) বা সরাসরি চাকরিতে যোগ দিতে গিয়ে বায়োমেট্রিক ও হাতের লেখার অসঙ্গতির কারণে মূল অপরাধীরা ধরা পড়েন। ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই অপরাধে সর্বনিম্ন ১৫ দিন থেকে ১ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা মনে করছেন, সহজে চাকরি পাওয়ার প্রবণতা, উপযুক্ত শাস্তির অভাব এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানের ঘাটতির কারণে এই অপরাধ বাড়ছে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ বি এম আলতাফ হোসেন বলেন, ‘নৈতিক অবক্ষয়ের কারণেই নিয়োগ পরীক্ষায় প্রক্সির ঘটনা বাড়ছে। শুধু সংক্ষিপ্ত বিচারে সীমাবদ্ধ থাকলেই হবে না। প্রতারণার দায়ে জড়িত আবেদনকারী এবং প্রক্সি দেওয়া ভুয়া পরীক্ষার্থী—উভয়ের বিরুদ্ধেই নিয়মিত ফৌজদারি মামলা করতে হবে এবং তাঁদের আজীবন পাবলিক পরীক্ষায় নিষিদ্ধ করা উচিত।’

তিনি আরও বলেন, ডিজিটাল জালিয়াতি ঠেকাতে বায়োমেট্রিক ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং একটি আধুনিক পরীক্ষা নীতিমালা তৈরি করা জরুরি।

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যারিস্টার মশিউর রহমান সবুজ বলেন, দীর্ঘদিন ধরে অযাচিতভাবে অতিরিক্ত নম্বর দিয়ে শিক্ষার্থীদের পাস করানোর প্রবণতার কারণে মূল শিক্ষার মান কমে গেছে। এর ফলে অনেক শিক্ষার্থীর মধ্যে ‘পরীক্ষাভীতি’ কাজ করে, যা তাদের এ ধরনের অপরাধমূলক পথ বেছে নিতে উৎসাহিত করে।

তিনি প্রক্সি নেওয়া ও দেওয়া উভয় পক্ষকেই অন্তত পাঁচ বছরের জন্য সব ধরনের পাবলিক পরীক্ষায় নিষিদ্ধ করার পরামর্শ দেন।

ফৌজদারি কার্যবিধির ২৬০ থেকে ২৬৫ ধারা অনুযায়ী পরিচালিত সংক্ষিপ্ত আদালতে দুই বছরের নিচে সাজা হওয়া অপরাধ দ্রুত নিষ্পত্তি করা হয়।

ডিএমপির তথ্যমতে, গত বছরের মার্চ থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত জালিয়াতিসহ ৭২ হাজার ৭৪৪টি ফৌজদারি মামলা সংক্ষিপ্ত বিচারে নিষ্পত্তি করা হয়েছে। এতে সাজা দেওয়া হয়েছে ৭৩ হাজার ৮২ জনের এবং জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বিচারিক প্রক্রিয়া বাস্তবায়নে বড় ধরনের জনবল ও অবকাঠামোগত সংকট রয়েছে।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা জজ) মো. আতাউল হক জানান, রাজধানীর ৫০টি থানার আওতায় মাত্র আটজন বিচার বিভাগীয় কর্মকর্তা কাজ করছেন। পর্যাপ্ত পদ ও এজলাস না থাকায় কর্মকর্তাদের অস্থায়ী ভিত্তিতে সাপ্তাহিক ছুটি ছাড়াই কাজ করতে হচ্ছে।

দ্রুত মামলা নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রমের মান ধরে রাখতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের স্থায়ী পদ সৃষ্টি ও জনবল বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।

বেসরকারি সদস্যদের বিলের ত্রুটি জানাতে হবে এক সপ্তাহের মধ্যে

স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সাক্ষাৎ

কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডে কমবে অর্থনৈতিক দুশ্চিন্তা: চিফ হুইপ

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা

সরকারি চাকরি: ৯ মাসে আটক, জেল ৩১৯ ভুয়া পরীক্ষার্থীর