তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সৃজনশীল মানুষ বা শিল্পীদের যে মর্যাদা ও সম্মানে ভূষিত করা উচিত, আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনো সে পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে নবনির্বাচিত সরকার শিল্পীদের সেই যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে চায়। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘আর্টিস্ট ক্লাব লিমিটেড’ আয়োজিত ‘সংগীত ও নৃত্যের একক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের দর্শন তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিল্প ও সংস্কৃতির প্রসারে অত্যন্ত ইতিবাচক। সরকারের এই সদিচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানকে (আর্টিস্ট ক্লাব) আরও বেগবান করবে।’
তথ্যমন্ত্রী বলেন, শিল্পী হওয়া কেবল সিদ্ধান্ত নিয়ে অর্জনের বিষয় নয়, এটি অনেকটা প্রকৃতিপ্রদত্ত মৌলিক বৈশিষ্ট্য। যারা সৃষ্টিশীল অনুভূতি বিনিময়ের কাজের সঙ্গে জড়িত থাকেন, তারা সকলেই শিল্পী।
মন্ত্রী বলেন, ‘প্রকৃতিই নির্ধারণ করে দেয় কারা শিল্পী হওয়ার যোগ্যতা রাখেন। বাকিটা চর্চা ও অর্জনের বিষয়।’ এ সময় শিল্পীদের এই পথচলায় সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মন্ত্রী।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মুস্তাফার লাইভ সংগীত পরিবেশনা এবং প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদের নান্দনিক নৃত্য পরিবেশনা। সংগীত ও নৃত্যের এই অপূর্ব সমন্বয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শুরুতে আর্টিস্ট ক্লাবের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে ক্লাবের ‘অনারারি মেম্বারশিপ’ (সম্মানসূচক সদস্যপদ) প্রদান করা হয়। একই সঙ্গে একটি প্রতীকী চাবি তুলে দেওয়া হয়।
আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ কবির স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।