বর্তমানে দেশে বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন। বার্ষিক তরল দুধের চাহিদা ১ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারা দেশে জেলের তালিকা যাচাই-বাছাই করে হালনাগাদকরণ কার্যক্রম চলমান আছে। দেশে বর্তমানে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন। তিনি বলেন, বিলুপ্ত ও পরিত্যক্ত হাওর-বাঁওড় ও অন্যান্য জলাশয় সংস্কারপূর্বক মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা সরকারের আছে। মৎস্য অধিদপ্তর ‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর ডিপিপি প্রস্তুত করা হয়েছে।