হোম > জাতীয়

মাকসুদ কামাল-জাফর ইকবাল-সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রোববার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ অভিযোগ আমলে নিয়ে পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বাকি আসামিরা হলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির (শয়ন) ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

আসামিদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী, জামাল উদ্দীন ও তানভীর হাসান সৈকত গ্রেপ্তার আছেন। বাকি পাঁচজন পলাতক।

২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন দমনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় ৫ জনকে হত্যা, ১৫ জনকে হত্যাচেষ্টা এবং শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনে উসকানির অভিযোগে আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এর আগে গত বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।