হোম > জাতীয়

দুর্নীতি দমন কমিশন: মামলাজট কমানো ও সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ

• দুই কাজের জন্য পৃথক কমিটি গঠন

• ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে

• এ উদ্যোগকে সময়োপযোগী বলছেন বিশেষজ্ঞরা

সৈয়দ ঋয়াদ, ঢাকা

নিজেদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুসন্ধান ও মামলার জট কমাতে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুরোনো অনুসন্ধান ও মামলাগুলো পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির উপায় বের করতে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি।

এ ছাড়া দুদকের ক্রোক ও অবরুদ্ধ করা সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্পদ ব্যবস্থাপনা শাখাকে পূর্ণাঙ্গ অনুবিভাগে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্যও গঠন করা হয়েছে পৃথক কমিটি। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি দুর্নীতি নজরদারি সংস্থাটির পৃথক দুটি অফিস আদেশে এই দুই কমিটি গঠন করা হয়। এর মধ্যে পুরোনো অনুসন্ধান, মামলা নিষ্পত্তি ও সম্পদ ব্যবস্থাপনা কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে পর্যালোচনা শেষ করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। দ্বিতীয় কমিটিকেও একই সময়ের মধ্যে পৃথক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ গঠনে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে কমিশন সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দুদকের পরিচালক (লিগ্যাল) মো. শাহাদৎ হোসেন প্রামাণিককে পুরোনো অনুসন্ধান ও মামলা পর্যালোচনা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলম। কমিটির অন্য সদস্যরা হলেন পরিচালক (প্রসিকিউশন) মোহাম্মদ ইকবাল বাহার, পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩) ড. মোহাম্মদ জহিরুল হুদা এবং পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) রিজিয়া খাতুন।

এ বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা অনুসন্ধান ও মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করবে এই কমিটি। কোন পর্যায়ে অনুসন্ধান বা তদন্ত আটকে আছে, মামলা নিষ্পত্তিতে কী ধরনের জটিলতা রয়েছে এবং দ্রুত এগিয়ে নিতে কী পদক্ষেপ প্রয়োজন; সেসব বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে তা প্রতিবেদন আকারে জমা দেবে তারা।’

আকতারুল ইসলাম বলেন, সম্পদ ব্যবস্থাপনা শাখার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনতে বড় উদ্যোগ নিয়েছে কমিশন। বর্তমানে একজন পরিচালকের নেতৃত্বে সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। সম্পদ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে একটি আলাদা অনুবিভাগে উন্নীত করার চিন্তা করছে কমিশন। অনুসন্ধান, তদন্তের মতো এই অনুবিভাগের দায়িত্ব পালন করবেন একজন মহাপরিচালক।

জানা গেছে, নতুন অনুবিভাগের জন্য প্রয়োজনীয় জনবলকাঠামো, প্রযুক্তিসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করা হচ্ছে। এ-সংক্রান্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দুদক পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে।

দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিনের অনুসন্ধান ও মামলার জট কমানোর জন্য দুদকের যে উদ্যোগ, তা অত্যন্ত সময়োপযোগী।’