• রাজস্ব আদায় জোরদার করা।
• ব্যাংক খাতের সংস্কার।
• কম সুদের বিদেশি ঋণে জোর।
• বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা।
• অর্থায়নের উৎস বাড়ানো।
• উচ্চ সুফলদায়ী প্রকল্পে ব্যয়।
• দায় নিয়ন্ত্রণে সীমা নির্ধারণ।
• সমন্বয় পরিকল্পনা প্রণয়ন।
সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এই অবস্থায় ঘাটতি পূরণে দেশীয় ব্যাংকঋণনির্ভরতা বাড়ানোর পাশাপাশি বিদেশি ঋণের উৎসেও নজর বাড়াতে হচ্ছে। কিন্তু বৈদেশিক ঋণ পাওয়ার প্রতিশ্রুতি থাকলেও সময়মতো অর্থছাড় হচ্ছে না, আবার ছাড়ের পরিমাণও কম। এই অবস্থায় আট দফা সংস্কার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ বিভাগের তৈরি করা সাম্প্রতিক এক প্রতিবেদনে সরকারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় এসব সংস্কার উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এতে রাজস্ব আহরণ বাড়ানো, ব্যাংক খাতের দুর্বলতা কাটানো, ঋণের ব্যয় কমানো, বিকল্প অর্থায়ন সৃষ্টি, সরকারি ব্যয়ের কার্যকারিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতের আর্থিক দায় নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আদায় পরিস্থিতিতে সরকারের আয়সংকটের চিত্র পাওয়া যায়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাথমিক হিসাবে, জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকার কম। অথচ এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা। অর্থাৎ চার মাসেই ঘাটতি ৫০ হাজার কোটি টাকার বেশি। পুরো অর্থবছরে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। ফলে বছরের বাকি সময়ে রাজস্ব আদায়ে বড় ধরনের গতি আনতে না পারলে বাজেটের অর্থায়ন পরিকল্পনায় চাপ আরও বাড়বে।
অন্যদিকে ব্যয়ের চাপও কয়েকটি খাত থেকে একসঙ্গে আসছে। সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন, দেশি-বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির চাহিদা বাড়ছে। অন্যান্য খাতে ব্যয়ের চাপ তো রয়েছেই।
অর্থ বিভাগের তথ্যমতে, ঋণ পরিশোধের দায় সরকারের অর্থায়নের ওপর বাড়তি চাপ তৈরি করছে। চলতি অর্থবছরে শুধু ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এর বাইরে পুরোনো ঋণের আসল পরিশোধেও বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হিসাবে, অর্থবছরের প্রথম তিন মাসে শুধু বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ১ হাজার ৩৫১ মিলিয়ন ডলারের বেশি, দেশীয় মুদ্রায় যা ১৬ হাজার ৫০০ কোটি টাকা। অথচ একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন ঋণ ও অনুদান পাওয়া গেছে মাত্র ৬৬২ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ১ হাজার ১৪৮ মিলিয়ন ডলারের বেশি। অর্থাৎ নতুন বিদেশি অর্থ পাওয়ার চেয়ে পুরোনো ঋণ পরিশোধেই দ্বিগুণের বেশি অর্থ চলে গেছে।
ভর্তুকির ব্যয়ও বাজেটের ওপর চাপ বাড়াচ্ছে। বিদ্যুৎ, এলএনজি ও কৃষি খাতে চলতি অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৬০ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু অর্থবছরের প্রথম সাড়ে চার মাসেই এসব খাতে ছাড় করতে হয়েছে ৫১ হাজার ৮০০ কোটি টাকা, যা মোট বরাদ্দের প্রায় ৮৬ শতাংশ। ফলে বাকি সাড়ে সাত মাসের ভর্তুকির দায় মেটাতে নতুন করে অর্থের সংস্থান করতে হবে সরকারকে। বিশেষ করে জ্বালানি আমদানির ব্যয় বাড়লে এই চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে থাকায় বাজেটের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ঋণের উৎসের ওপর নির্ভরতা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংক থেকে সরকার নিট ২৪ হাজার ২৪৫ কোটি টাকা ঋণ নিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, রাজস্ব আয় বাড়ানো এবং বিদেশি অর্থছাড়ের গতি না বাড়লে ব্যাংকঋণের ওপর এই নির্ভরতা আরও বাড়তে পারে।
অর্থ বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি মোকাবিলায় প্রথমে রাজস্ব আহরণের ভিত শক্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে করের আওতা বাড়ানো, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ রয়েছে। দ্বিতীয়ত, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণসহ ব্যাংক খাতের সংস্কার করা হবে, যাতে আর্থিক খাতের দুর্বলতা সরকারি অর্থের ওপর নতুন চাপ সৃষ্টি না করে।
তৃতীয়ত, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের বদলে সহজ শর্তের কম সুদের বৈদেশিক ঋণকে অগ্রাধিকার এবং ঘাটতি মেটাতে টাকা ছাপিয়ে অর্থায়ন না করার নীতি নেওয়া হচ্ছে। চতুর্থত, প্রথমবারের মতো বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রকাশ এবং নতুন মধ্যমেয়াদি ঋণের কৌশল প্রণয়ন করা হবে। এতে কোন উৎস থেকে, কী পরিমাণ এবং কী মেয়াদে ঋণ নেওয়া হবে, তার আগাম হিসাব থাকবে।
পঞ্চম সংস্কারটি অর্থায়নের উৎস বাড়ানো। সরকারি বন্ডে পেনশন তহবিল, বিমা কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সুকুক, গ্রিন বন্ড, ব্লু বন্ড এবং আন্তর্জাতিক বাজারে ইউরোবন্ড, সামুরাই ও পান্ডা বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। ষষ্ঠত, ঋণের অর্থ যাচাই-বাছাই করা উচ্চ সুফলদায়ী প্রকল্পে ব্যয় এবং চলমান প্রকল্প অগ্রাধিকার দিয়ে শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।
সপ্তমত, সরকারি গ্যারান্টি, ভর্তুকির বকেয়া ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্ভাব্য দায় নিয়ন্ত্রণে সীমা নির্ধারণ এবং আর্থিক ঝুঁকির বিবরণী প্রকাশ করা হবে। অষ্টমত, ঋণ গ্রহণ, পরিশোধ ও ঝুঁকি মূল্যায়নের কাজ সমন্বয়ে একীভূত ডেট ম্যানেজমেন্ট অফিস গঠন এবং পাবলিক ডেট অ্যাক্ট প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের ব্যয়ের পরিমাণ আগে থেকে নির্দিষ্ট করে বলা কঠিন। ফলে বাজেটে বরাদ্দ রাখা হলেও বাস্তবে সেই হিসাবের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখা যায় না। বছরজুড়ে অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়, যা সামাল দিতে বাড়তি অর্থের প্রয়োজন পড়ে। অন্যদিকে সরকারের নিজস্ব আয়ের উৎস সীমিত, আর বিদেশি অর্থায়নও নানা শর্তের ওপর নির্ভরশীল। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারের অর্থায়নের চাপ কমানো, ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণে আট দফা সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে এসব উদ্যোগের বাস্তবায়নপ্রক্রিয়াও শুরু হয়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, টেকসই সরকারি অর্থ ব্যবস্থাপনা নিশ্চিতে আয়-ব্যয়ের মতো স্পর্শকাতর খাতে এসব সংস্কার প্রত্যাশিতই ছিল। উদ্যোগটি ইতিবাচক, তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর। রাজস্ব আদায় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং ঋণের অর্থ থেকে যথাযথ অর্থনৈতিক সুফল নিশ্চিত করা না গেলে আয়-ব্যয়ের ব্যবধান মেটাতে ঋণের ওপর নির্ভরতা থেকেই যাবে।