হোম > জাতীয়

খেলতে, বাড়িতে ও ওমরাহ পালনে গিয়ে নিখোঁজ, ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০২৪ সালের ৫ আগস্টের পর ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যাওয়ার পর আর না ফেরায় পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তাঁদের মধ্যে একজন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে, একজন নিজ বাড়িতে ও আরেকজন ওমরাহ পালনে সৌদি আরব গিয়ে আর কর্মস্থলে ফেরেননি।

চাকরিচ্যুত তিন কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, টেলিকম কর্মকর্তা (এএসপি) মো. মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাঁদের চাকরিচ্যুত করার আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, বারবার নোটিশ দেওয়ার পরও যোগদান না করা ও বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুরে কর্মরত থাকাকালে ‘আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া ২০২৪’ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ১০ দিনের ‘বহিঃবাংলাদেশ ছুটি’ নিয়ে ২০২৪ সালের ১৬ অক্টোবর কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। স্থায়ী ঠিকানায় তিন দফা নোটিশ পাঠানো হলেও তিনি যোগদান করেননি।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরির বিধি অনুযায়ী যোগাযোগের চেষ্টা, বিভাগীয় মামলা ও তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাঁকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা র‍্যাব-১৪, ময়মনসিংহে কর্মরত অবস্থায় ২০২৫ সালের ১০ এপ্রিল ছয় দিনের ছুটিতে নিজ বাড়িতে যান। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। পরবর্তী সময়ে বিভাগীয় কার্যক্রম শেষে তাঁকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এদিকে, পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগে টেলিকম কর্মকর্তা (এএসপি) হিসেবে কর্মরত মো. মাহমুদুল হাসান ওমরাহ পালনের জন্য ১৫ দিনের ‘বহিঃবাংলাদেশ ছুটি’ নিয়ে ২০২৪ সালের ২৮ আগস্ট সৌদি আরব যান। ছুটি শেষ হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।

নোটিশ প্রদান, বিভাগীয় মামলা ও তদন্ত শেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(৩)(ঘ) বিধি মোতাবেক তাঁকেও গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্থানীয় নির্বাচনে ভোট দিতে পুরুষ গড়ে ৪৮ সেকেন্ড ও নারী ৫৮ সেকেন্ড পাবেন

চট্টগ্রাম-২: সন্ধ্যা ৭টায় শপথ নিচ্ছেন সারোয়ার আলমগীর

কয়েক দিনে পাহাড়ধসে ৩০ জন মারা গেছে: সংসদে ত্রাণমন্ত্রী

খাদ্যপণ্যে ভেজাল থাকলেও মাদকে ভেজাল থাকে না: সংসদে জামায়াতের এমপি সাবিকুন্নাহার

মধ্যপ্রাচ্য থেকে ১৮৬ জনকে ফেরানো হয়েছে, রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিহত ৪: সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে, জানাল ইসি

‘আমার কথায় ছেলে বিসিবি থেকে পদত্যাগ করেছে, তা কেউ হাইলাইট করে না’

১১ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ইসি ও বিসিসির নথি চেয়ে দুদকের চিঠি

সমালোচনা হচ্ছে, কিন্তু মানুষ ভালো দিকগুলো খুঁজে নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী