হোম > জাতীয়

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের একের পর এক হামলার পটভূমিতে বাংলাদেশ থেকে সৌদিগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের বিমান রয়েছে।

অবশ্য গতকালই এক জরুরি বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের অভিমুখে সব ফ্লাইট স্থগিত করেছে। ফলে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট দুটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট গতকাল শনিবার ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে রওনা হলেও মাঝপথে রিয়াদ বিমানবন্দরের পরিস্থিতির খবর পেয়ে দিক পরিবর্তন করে। ফ্লাইটটি ওমানের মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং পরবর্তীতে ঢাকায় ফিরে আসে।

গতকাল শনিবার মধ্যরাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

হতাহতদের মধ্যে বাংলাদেশিসহ মিসর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পর বিমানবন্দরটির সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে এটি চতুর্থ হামলার ঘটনা। এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দর অবকাঠামো ও সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমানকে লক্ষ্য করে চালানো হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক প্রাণ হারান।

ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে বিগত দুই মাস ধরে চলমান সংঘাত মারাত্মক রূপ নিয়েছে। হুতিরা রিয়াদ বিমানবন্দরকে মূল লক্ষ্যবস্তু করেছে।

এর আগে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে, কোনো এয়ারলাইনস সৌদি আকাশসীমা ব্যবহার করলে তাদের কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এরপরই শনিবারের এই রক্তক্ষয়ী হামলা চালানো হয়।