ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির চারজন ও জামায়াত জোটের একজন প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। নতুন করা এই পাঁচ আবেদনও শুনানির জন্য গ্রহণ করে আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।
বিএনপির চার প্রার্থী হলেন— পাবনা-৩ আসনের মো. হাসান জাফির তুহিন, ঢাকা-৫ আসনের মো. নবী উল্লা, কুষ্টিয়া-৪ আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও গাইবান্ধা-৫ আসনের মো. ফারুক আলম সরকার। এ ছাড়া ঢাকা-১৩ আসনের জামায়াত জোটের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আবেদন করেছেন হাইকোর্টে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম-সংক্রান্ত আবেদন শুনানির জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে দেন প্রধান বিচারপতি। যার এখতিয়ার দেওয়া হয় বিচারপতি মো. জাকির হোসেনকে।