হোম > জাতীয়

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইল ছবি

দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ ও পাচার করা অর্থ পরিশোধ করার কথা বললেও জামিন দেওয়া হয়নি নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেনের আদালতে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে করা মামলার জামিন শুনানি হয়।

নাসা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে আইনজীবী ওয়ালিউর ইসলাম তুষার তাঁর জামিন চেয়ে শুনানি করেন।

শুনানিতে ওয়ালিউর ইসলাম বলেন, ‘আসামি বয়স্ক এবং অসুস্থ। পাঁচ মাস ধরে তিনি জেলহাজতে আছেন। তিনি একটি কোম্পানির চেয়ারম্যান। তাঁর অধীনে অনেক কর্মচারী কাজ করেন। সার্বিক দিক বিবেচনায় নিয়ে যেকোনো শর্তে তাঁর জামিনের প্রার্থনা করছি।’

রাষ্ট্রপক্ষ থেকে এই জামিন আবেদনের বিরোধিতা করা হয়।

এরপর কাঠগড়ায় দাঁড়ানো নজরুল ইসলাম আদালতের কাছে কথা বলার অনুমতি চান।

আদালত অনুমতি দিলে তিনি বলেন, ‘আমি সব টাকাই শোধ করে দেব। আমাকে জামিন দিয়ে কাজ করার সুযোগ করে দেন। আমি পালিয়ে যাব না। ১৯৯০ সালে ১০ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি। বর্তমানে ৩০ হাজার কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসা করি। আমার প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৩ লাখ মানুষ জড়িত। তাদের মাসে ৬০-৬৫ কোটি টাকা বেতন দিতে হয়।

‘আমি কারাগারে থেকে বের না হলে তারা সবাই কাজ হারাবে। আমার ব্যবসা ধরার কোনো লোক নেই। আমার দুই ছেলে লন্ডনে পরিবার নিয়ে থাকে। আমার কোম্পানিতে ৮০-৯০টি ট্রাক ছিল। এখন ২০টা আছে। আমাকে জামিন দেন, যাতে আমি সব টাকা পরিশোধ করতে পারি। দুদকের অভিযোগের বিষয়ে আমি পুরোপুরি অবগত নই। আমার পেছনে অনেক কর্মচারী আছে। তারা এসব কাজ করতে পারে। আমাকে জামিন দেন।’

বক্তব্য শেষ হলে বিচারক তাঁকে বলেন, ‘জেলহাজতে থেকে টাকা পরিশোধ করেন। ধৈর্য ধরেন। জামিন পাবেন।’

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

গত ১৬ ফেব্রুয়ারি নজরুল ইসলামের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

এর আগে গত ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে নজরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

আরও খবর পড়ুন:

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর

প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা ও ছাড় দেওয়ার পরিকল্পনা সরকারের