হোম > জাতীয়

বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন–ওভেন চাইলেন জামায়াতের এমপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা দেওয়ার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। আজ বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব দাবি করেন তিনি।

মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছে। কিন্তু এ সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে, থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা-দরজার পর্দাটি এখন পর্যন্ত ঝোলানো হয়নি।’

স্পিকারের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘সুতরাং, জোর দাবি জানাচ্ছি, আমরা শুনেছিলাম যে, আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।’