বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। দু’জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতির পর এসব দপ্তরে পদায়ন করে আজ বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মো. খায়রুল কবীর মেননকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক করা হয়েছে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকের সচিব পদমর্যাদার।
এ ছাড়া জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।