বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এর বিজয়ী ও মনোনীতদের হাতে সার্টিফিকেট ও পুরস্কারের অর্থমূল্যের চেক তুলে দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আজ বুধবার বোর্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমনসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন বিজয়ীরা।
অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা নিজ নিজ ক্ষেত্রে সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং বাংলাদেশের পর্যটনশিল্পকে এগিয়ে নেওয়ার উপায় তুলে ধরেন।
এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সীমাবদ্ধতার বিষয়গুলোও আলোচনায় উঠে আসে। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী পর্যটনসংশ্লিষ্ট সবার সহযোগিতায় বৃহৎ পরিসরে পর্যটন প্রচারণার পরিকল্পনার কথা জানান। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার বিষয়ে তাঁর সুদূরপ্রসারী চিন্তাভাবনা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের পর্যটন মহাপরিকল্পনা বা ট্যুরিজম মাস্টারপ্ল্যান সম্পর্কেও অবহিত করেন তিনি।
মতবিনিময় সভায় বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন দেশের গ্রামীণ পর্যটনের বিকাশে সরকার ও ট্যুরিজম বোর্ডের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের গ্রামবাংলার প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এসব বিষয় পরিকল্পিতভাবে দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে হবে।
সালাহউদ্দিন সুমন দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পুনরুদ্ধার ও সংস্কারের মাধ্যমে সেগুলোর যথাযথ ব্র্যান্ডিং করার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর মতে, দেশের ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ ও আন্তর্জাতিকভাবে পরিচিত করে তুলতে পারলে বাংলাদেশের পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
বাংলাদেশের ঋতুভিত্তিক সৌন্দর্য আন্তর্জাতিক পর্যটকদের সামনে তুলে ধরার প্রস্তাব দেন সালাহউদ্দিন সুমন। বিশেষ করে শীতকালে উত্তরবঙ্গের প্রকৃতি এবং বর্ষায় দক্ষিণবঙ্গের অপরূপ সৌন্দর্য বিদেশি পর্যটকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হতে পারে বলে উল্লেখ করেন তিনি। এসব বৈচিত্র্যকে পর্যটন পণ্য হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং করার ওপরও গুরুত্ব দেন এই কনটেন্ট ক্রিয়েটর।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত অন্য ব্যক্তিদের মধ্যে সেরা পর্যটন সাংবাদিক নাইম আবির পর্যটন সাংবাদিকতায় নির্ভরযোগ্য তথ্য ও উপাত্তের অপ্রতুলতা নিয়ে হতাশা প্রকাশ করেন। পর্যটন খাতের সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের নিয়মিত অবহিত করার আহ্বান জানান তিনি। এ জন্য ট্যুরিজম বোর্ডের উদ্যোগে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে, বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, গণমাধ্যম এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো জরুরি। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের সম্মিলিত অভিজ্ঞতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে দেশের পর্যটনকে আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকরভাবে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।