সংস্কৃতি আর ইতিহাসের প্রাচুর্যে ভরপুর হলেও প্রাকৃতিক সৌন্দর্যে এশিয়া বিশ্বের যেকোনো মহাদেশকে টেক্কা দিতে পারে। বিশেষ করে এশিয়ার সমুদ্রসৈকতগুলোর রূপ বৈচিত্র্যে ভরা। কোথাও শত মিটার উঁচু চুনাপাথরের পাহাড়, কোথাও বিরল আগ্নেয়গিরিজাত গোলাপি বালু। আবার কোথাও রাতের আঁধারে জ্বলে ওঠা নীল আলো। এই মহাদেশে লুকিয়ে আছে পৃথিবীর সেরা কিছু উপকূলীয় স্বর্গ। ভ্রমণপ্রেমীদের জন্য এশিয়ার এমন ১০ চমৎকার সৈকতের ঠিকানা জেনে রাখা ভালো।
নাকপান বিচ
নারকেল গাছের সারি আর চার কিলোমিটারজুড়ে বিস্তৃত সোনালি বালুচরের জন্য বিখ্যাত নাকপান বিচ। ফিলিপাইনের এল নিডোর অন্যান্য ব্যস্ত পর্যটনকেন্দ্রগুলোর তুলনায় এটি বেশ শান্ত ও নিরিবিলি। জায়গাগুলো মানসিক প্রশান্তির জন্য একদম আদর্শ।
ইয়োনাহা মায়াহামা বিচ
জাপান বলতেই চোখের সামনে মন্দির কিংবা চেরি ব্লসমের ছবি ভেসে ওঠে। কিন্তু ওকিনাওয়া প্রিফেকচারে রয়েছে সাত কিলোমিটার দীর্ঘ ধবধবে সাদা বালুচরের ইয়োনাহা মায়াহামা বিচ। অগভীর, পান্না-সবুজ পানির এই সৈকতকে পুরো জাপানের সেরা সৈকত হিসেবে বিবেচনা করা হয়।
পিঙ্ক বিচ
বিশ্বের হাতে গোনা কয়েকটি গোলাপি বালুচরের মধ্যে ইন্দোনেশিয়ার কোমোডো দ্বীপের ‘পিঙ্ক বিচ’ অন্যতম। মূলত ‘ফোরামিনিফেরা’ নামক অণুজীবের লাল কণিকা সাদা বালুর সঙ্গে মিশে এই চমৎকার গোলাপি রঙের সৃষ্টি করেছে। এটি স্নোরকেলিংয়ের জন্য অসাধারণ এক জায়গা।
তাঙ্গালে বিচ
যাঁরা জনকোলাহল এড়িয়ে নিস্তব্ধতায় সময় কাটাতে চান, তাঁদের জন্য শ্রীলঙ্কার তাঙ্গালে বিচ একটি চমৎকার গন্তব্য। নারকেল বীথি আর সোনালি বালু পরিবেষ্টিত এই উপকূলে ভাগ্যে থাকলে দেখা মিলতে পারে বাসা বাঁধতে আসা বিরল সামুদ্রিক কচ্ছপের।
হোয়াইট বিচ
ফিলিপাইনের বোরাকে দ্বীপের হোয়াইট বিচের মূল বৈশিষ্ট্য হলো এর গুঁড়ো পাউডারের মতো অতি সূক্ষ্ম সাদা বালু। এগুলো দুপুরের কড়া রোদেও ঠান্ডা থাকে। পরিবেশবান্ধব পর্যটন নীতির মাধ্যমে এর স্বচ্ছ পানি ও পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।
ভাধু আইল্যান্ড
দিনের আলোয় চমৎকার দেখালেও মালদ্বীপের রা অ্যাটোলের ভাদু আইল্যান্ডের আসল জাদু শুরু হয় রাতে। ‘সি অব স্টারস’ নামে পরিচিত প্রাকৃতিক ঘটনার কারণে রাতে প্লাঙ্কটনের বিচ্ছুরণে সাগরের ঢেউগুলো গাঢ় নীল আলোর নক্ষত্রের মতো জ্বলজ্বল করে ওঠে।
মায়া বে
নারকেল গাছের বদলে প্রায় ১০০ মিটার উঁচু চুনাপাথরের পাহাড়ে ঘেরা মায়াবে থাইল্যান্ডের একটি অনন্য প্রাকৃতিক সৃষ্টি মায়া বে। পরিবেশগত বিপর্যয় এড়াতে কয়েক বছর বন্ধ রাখার পর সম্প্রতি নির্দিষ্টসংখ্যক পর্যটকদের জন্য এটি পুনরায় খুলে দেওয়া হয়েছে।
কেলিংকিং বিচ
টি-রেক্স ডাইনোসরের আকারের পাহাড়ের চূড়া থেকে দেখা কেলিংকিং সৈকতের দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। এই সৈকতটি ইন্দোনেশিয়ার নুসা পেনিডায় অবস্থিত। পাহাড়ের চূড়া থেকে নিচে নামার পথটি বেশ ঝুঁকিপূর্ণ। তবে এর প্যানোরামিক দৃশ্য যেকোনো কষ্টকে সার্থক করে তোলে।
রাধানগর বিচ
ঘন ক্রান্তীয় বৃষ্টি-অরণ্য ও তুর্কাইজ নীল পানির এক অপূর্ব মিলনস্থল ভারতের রাধানগর বিচ। একে ‘বিচ নম্বর সেভেন’ বলা হয়। প্লাস্টিক ও ইঞ্জিনচালিত যানমুক্ত এই সৈকত এশিয়ার অন্যতম পরিচ্ছন্ন ও নিরিবিলি উপকূল হিসেবে খ্যাত।
রাইলে বিচ
উঁচু কার্স্ট পাহাড় দিয়ে ঘেরা থাকায় খাইল্যান্ডের রাইলে বিচে শুধু ঐতিহ্যবাহী লংবোটে করেই পৌঁছানো যায়। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে শান্ত পরিবেশের পাশাপাশি এটি রক ক্লাইম্বিং বা পাহাড়ে চড়ার জন্য অ্যাডভেঞ্চারপ্রেমীদের অত্যন্ত প্রিয় জায়গা।
সূত্র: ট্রিপ অ্যাডভাইজর, এন ভোলস