সম্প্রতি ‘রেমিটলি’ প্রকাশ করেছে বিশ্বের ভদ্র বা মার্জিত দেশের তালিকা। তাতে তৃতীয় স্থান দখল করে নিয়েছে ভিয়েতনাম। পর্যটকদের প্রতি স্থানীয়দের বিনয়ী আচরণ এবং চমৎকার আতিথেয়তার কারণে দেশটি ভ্রমণপিয়াসিদের পছন্দের তালিকায় শীর্ষ আসন দখল করেছে। যারা কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে, তাদের জন্য দক্ষিণ ভিয়েতনামের হাইকিং ট্রেইলগুলো হতে পারে এক অনন্য গন্তব্য।
ভিয়েতনামের উত্তরের পাহাড়ি অঞ্চল বা মধ্যাঞ্চলের চিরসবুজ বনভূমির কথা আমরা অনেকে জানি। কিন্তু দক্ষিণ ভিয়েতনামের সমতল ভূমির আশপাশে লুকিয়ে থাকা রোমাঞ্চকর হাইকিং ট্রেইলগুলোর কথা খুব একটা শোনা যায় না। হো চি মিন সিটির কোলাহল থেকে দূরে থাকা ৫টি ট্রেইল আপনাকে দেবে এক প্রশান্তিময় অভিজ্ঞতা। এই ট্রেইলগুলো হলো—
ব্ল্যাক ভার্জিন মাউন্টেন (বা ডেন)
তায় নিন প্রদেশে অবস্থিত এই পাহাড় দক্ষিণ ভিয়েতনামের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ৯৯৬ মিটার। এটি আসলে একটি সুপ্ত আগ্নেয়গিরি। ওপরে ওঠার জন্য কেব্ল কারের ব্যবস্থা থাকলেও রোমাঞ্চপ্রিয়রা হেঁটেই ওপরে উঠতে পছন্দ করে। পাথুরে পথে বিদ্যুৎ লাইনের খুঁটি অনুসরণ করে চূড়ার দিকে এগিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং এই ট্রেইলে। পথে কোনো বিশ্রামাগার বা খাবারের দোকান না থাকায় এই যাত্রা বেশ দুঃসাধ্য। তবে চূড়ায় পৌঁছানোর পর চারপাশের ধানখেতের যে দৃশ্য চোখে পড়বে, তা সব ক্লান্তি ভুলিয়ে দেয়।
চুয়া চান
দং নাই প্রদেশে অবস্থিত ৮৩৭ মিটার উচ্চতার এই পাহাড় দক্ষিণ ভিয়েতনামের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। হো চি মিন সিটি থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে থাকায় চুয়া চান সপ্তাহ শেষের ক্যাম্পিংয়ের জন্য দারুণ জনপ্রিয়। এখানেও বিদ্যুৎ লাইনের নম্বর দেখে বোঝা যায়, আপনি কতটা পথ পাড়ি দিয়েছেন। ঘন সবুজ বনানীতে ঘেরা এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পথটি যেমন সুন্দর, তেমনি ক্যাম্পিংয়ের জন্য সেরা।
ক্যাট টিয়েন ন্যাশনাল পার্ক
প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক স্বর্গরাজ্য। ইউনেসকো স্বীকৃত এই বায়োস্ফিয়ার রিজার্ভে বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর দেখা মেলে। এখানকার জনপ্রিয় ট্রেইল হলো গিবন ট্রেকিং। সেখানে বানর প্রজাতির গিবনদের ডাক অনুসরণ করে বনের গভীরে যেতে হয়। এ ছাড়া এখানে ৪০০ বছরের পুরোনো বিশাল টুং গাছ এবং ৬টি কাণ্ডবিশিষ্ট বিশেষ বাং লাং গাছ পর্যটকদের মুগ্ধ করে। প্রাণীবৈচিত্র্য আর প্রকৃতি একই সঙ্গে যে কাউকে মুগ্ধ করে দেওয়ার জন্য অপেক্ষা করছে এখানে।
দিন মাউন্টেইন
বা রিয়া-ভুং তাউ অঞ্চলে অবস্থিত এই পাহাড় হো চি মিন সিটির সবচেয়ে কাছে। এখানকার শান্ত ট্রেইল এবং গাছে ঘেরা বৌদ্ধমন্দিরগুলো এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। পাহাড়ের গায়ে বয়ে চলা সুয়াই দা এবং সুয়াই তিয়েন ঝরনার প্রাকৃতিক পুলে গা ভাসাতে স্থানীয়দের সঙ্গে পর্যটকেরাও ভিড় জমান। তবে বৃষ্টির মৌসুমে এখানকার ঢালু পথ বেশ পিচ্ছিল হয়ে যায়, তাই সাবধানে পা ফেলা জরুরি।
তা নাং- ফান দুং
আপনি যদি দীর্ঘ সময়ের জন্য হাইকিং করতে চান, তাহলে ৩৫ কিলোমিটার দীর্ঘ এই ট্রেইল আপনার জন্য। এটি মূলত ভিয়েতনামের কয়েকটি প্রদেশের সীমান্ত ঘেঁষে চলে গেছে। বন, পাহাড় আর নদীর প্যানোরামিক ভিউ এই ট্রেইলের প্রধান আকর্ষণ। তবে এই পথ বেশ দুর্গম ও পিচ্ছিল হওয়ায় একজন গাইড সঙ্গে রাখা বাধ্যতামূলক। সাধারণত ২ থেকে ৩ দিনের এই যাত্রায় স্থানীয় কোহো এবং চুরু জাতিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা দেখার এক বিরল সুযোগ মেলে এ পথে যাত্রা করলে।
নারীদের একা ভ্রমণের জন্য ভিয়েতনাম অত্যন্ত নিরাপদ দেশ। তবে দুর্গম পথে হাইকিংয়ের সময় পর্যাপ্ত পানি, হালকা খাবার এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সঙ্গে রাখা ভালো। ভিয়েতনামের মানুষের অমায়িক ব্যবহার আপনার এই রোমাঞ্চকর যাত্রাকে আরও স্মরণীয় করে তুলবে।
সূত্র: ইভিএন এক্সপ্রেস