হোম > জীবনধারা > ভ্রমণ

জাহাজে বিশ্বভ্রমণ করতে চান, জেনে নিন ওয়ার্ল্ড ক্রুজের তথ্য

ফিচার ডেস্ক, ঢাকা 

বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ২০২৭-২৮ সালের জন্য সমুদ্র পথে বিশ্বভ্রমণের ঘোষণা দিয়েছে। এই ভ্রমণগুলো হয়ে থাকে বিলাসবহুল। ছবিতে ওশেনিয়া ক্রুজ কোম্পানির জাহাজ দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

জলপথে বা জাহাজে বিশ্বভ্রমণ করতে চান? তা চাইলে সঠিক ওয়ার্ল্ড ক্রুজটি বেছে নিতে হবে। ২০২৭-২৮ সালের জন্য সমুদ্রযাত্রার একটি তালিকা সংকলন করেছে ‘ইউএস নিউজ’। আপনি যদি জীবনের সেরা এ ভ্রমণে যাত্রা শুরু করতে প্রস্তুত থাকেন, তবে এই সংকলন থেকে আসন্ন বিশ্ব ভ্রমণগুলোর মধ্য়ে কোনো একটি বেছে নিতে পারেন। এখানে রইল কয়েকটি ওয়ার্ল্ড ক্রুজের খবর।

আজামারা ওয়ার্ল্ড ক্রুজ

১৮৮ দিন সময় নিয়ে আজামারা অন্যতম দীর্ঘতম বিশ্ব ভ্রমণের আয়োজন করেছে। ৭০২ আসনবিশিষ্ট আজামারা কোয়েস্ট জাহাজ সানফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করে। ভ্রমণটি ডেনমার্কের কোপেনহেগেনে শেষ হওয়ার আগে ৩৭টি দেশ, ১০৩টি গন্তব্য এবং ৫টি মহাদেশ ভ্রমণ করে। ২০২৭ সালের এই যাত্রায় অতিথিদের জন্য সানফ্রান্সিসকোতে একটি উদ্বোধনী স্বাগত পার্টি, তিনটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১২টি আজঅ্যামেজিং ইভনিংস, প্রাক্-ক্রুজ হোটেলে থাকাসহ আনুষঙ্গিক খরচ পড়বে ৫ হজার ডলার। এ মূল্যের মধ্যে খাবার, পানীয়, বকশিশ, সাপ্তাহিক লন্ড্রি এবং অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে।

ভাইকিং ওশান ক্রুজ

ভাইকিংয়ের ১৪২ দিনের এই সমুদ্রযাত্রাটি ২০২৭ সালের বড়দিনের ঠিক পরই ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে শুরু হয়ে লন্ডনের গ্রিনিচ বন্দরে শেষ হবে। এতে ৩১টি দেশে ৬২টি গাইডেড ট্যুরে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া সিডনি, সিঙ্গাপুর, জাঞ্জিবার, কেপটাউন এবং ক্যাসাব্লাঙ্কার মতো গন্তব্যে ১৬টি বন্দরে রাতযাপনের সুযোগ রয়েছে।

ভাইকিং ওশান ক্রুজ কোম্পানির একটি বিলাসবহুল জাহাজের ডেকে সুইমিংপুল। ছবি: সংগৃহীত

ওশেনিয়া ক্রুজ

এ প্যাকেজের সময় ১৮০ দিন। যাত্রীসংখ্যা ১ হাজার ২০০। এই প্যাকেজে ৬টি মহাদেশের ৪৬টি দেশের ১০৬টি বন্দর, ১৫০টি ইউনেসকো বিশ্বঐতিহ্যবাহী স্থান পরিদর্শন এবং এশিয়ার চারপাশে দুই মাসের বেশি সময় ধরে নৌ-ভ্রমণ করা যাবে। এটি শেষ হবে লন্ডনে। সমুদ্রের সেরা খাবার পরিবেশনের জন্য অন্যতম সেরা ক্রুজ লাইন হিসেবে বিবেচিত ওশেনিয়া খাদ্যরসিকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

ক্রিস্টাল ক্রুজ

৭৪০ জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন ক্রিস্টাল সেরেনিটি জাহাজটির বিশ্ব ভ্রমণ সান ডিয়েগো থেকে শুরু হয়ে ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে শেষ হবে। এই যাত্রা মধ্য আমেরিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং জাপানের মধ্য দিয়ে আলাস্কায় পৌঁছাবে। এ পথে প্রায় ৩০টি দেশের মোট ৮৩টি ভিন্ন জায়গা দেখা যাবে। ক্রিস্টাল ব্যতিক্রমী খাবার ও বিলাসবহুল ইভেন্টের জন্য বিখ্যাত।

সিলভার সি ক্রুজ কোম্পানির একটি বিলাসবহুল জাহাজ। ছবি: সংগৃহীত

সিলভার সি ক্রুজ

সিলভার সির ২০২৮ সালের বিশ্ব ভ্রমণসূচি সে সব ভ্রমণকারীর জন্য আদর্শ, যাঁরা ছোট জাহাজে ধীরগতির ভ্রমণে বের হতে চান। জাহাজ যাবে মায়ামি থেকে ফ্রান্সের নিস শহরের উদ্দেশে। ১৩২ দিনের সফরে ২৯টি দেশের ৫৮টি বন্দর পরিদর্শন করা যাবে। ৩৯২ জন যাত্রী যেতে পারবেন এ ভ্রমণে। এই সফরে ১৭টি বিশেষ জায়গায় রাতযাপনের ব্যবস্থা রয়েছে। কার্নিভ্যাল দেখার জন্য ব্রাজিলের রিও ডি জেনিরোতে গ্র্যান্ডস্ট্যান্ডে প্রবেশের সুবিধাসহ তিন রাত কাটানোর ব্যবস্থা আছে এ সফরে। সিলভার সির ভাড়ার মধ্য়েই রয়েছে বিলাসবহুল স্যুট, খাবার, উপকূলীয় ভ্রমণ এবং এই সংস্থার ডোর-টু-ডোর পরিষেবার সঙ্গে অন্য বিশেষ সুবিধাগুলো।

প্রিন্সেস ক্রুজ

এই ভ্রমণ হবে ১২৯ দিনের। শুরু হবে ফোর্ট লডারডেলে। শেষ হবে লস অ্যাঞ্জেলেসে। এই সমুদ্র যাত্রায় ২০টি দেশের ৬১টি গন্তব্য দেখা যাবে। এর উল্লেখযোগ্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে পানামা খাল অতিক্রম, হাওয়াই, অস্ট্রেলিয়া ও জাপানে দীর্ঘ বিরতি এবং আলাস্কার ৬টি মনোরম গন্তব্য ভ্রমণ। সব মিলিয়ে ৩৫ হাজার ৪০০ নটিক্যাল মাইলের যাত্রা এটি।

এমএসসি ক্রুজ

ইতালির জেনোয়া থেকে শুরু হবে এই সমুদ্র ভ্রমণ। এমএসসি ম্যাগনিফিকা জাহাজে ১২১ রাতের এ ভ্রমণে দেখা যাবে ৫টি মহাদেশ, ২৫টি দেশ এবং ৪৫টি গন্তব্য।

এমএসসি ক্রুজে ভ্রমণ খরচ জনপ্রতি ২০ হাজার ডলার থেকে শুরু হয়। এই ভাড়ার মধ্যে এক ডজনের বেশি উপকূলীয় ভ্রমণ অন্তর্ভুক্ত থাকে। সঙ্গে থাকে খাবার ও পানীয়ের প্যাকেজ। এ ছাড়া লন্ড্রি পরিষেবার ওপর ৩০ শতাংশ ছাড় রয়েছে। একটি প্রাণবন্ত, আন্তর্জাতিক, ইউরোপীয় ধাঁচের পরিবেশের পাশাপাশি, জাহাজে থাকাকালে যাত্রীরা থিমভিত্তিক সন্ধ্যা, অতিথি বক্তা এবং ভাষাশিক্ষার ক্লাস উপভোগ করতে পারবেন।

রিজেন্ট সেভেন সিজ ক্রুজ: ওয়ার্ল্ড অব স্প্লেন্ডার

রিজেন্ট সেভেন সিজের ওয়ার্ল্ড অব স্প্লেন্ডার ক্রুজটিতে কাটানো যাবে ১৪০ রাত। ৭৪৬ যাত্রী নিয়ে মায়ামি থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করবে এটি। সম্পূর্ণ স্যুট ও ব্যালকনিযুক্ত এই জাহাজটি ৪০টি দেশের ৭১টি বন্দরে ভ্রমণ করবে। এই সময়সূচিতে সিডনি, দুবাই, মুম্বাই, বালির মতো প্রধান দর্শনীয় জায়গাগুলো অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া এই ট্যুরে দেখা যাবে জনবসতিহীন মিস্ট্রি আইল্যান্ড, ভানুয়াতু, কমোডো দ্বীপ, ইন্দোনেশিয়া, ম্যাঙ্গালোর, লিফু দ্বীপ, নিউ ক্যালেডোনিয়া এবং অস্ট্রেলিয়ার কুকটাউন।

কুনার্ড লাইন

ঐতিহ্যবাহী, স্বর্ণযুগের নৌযাত্রার স্বাদ পেতে, মানে সাদা দস্তানা পরা ওয়েটার, বলরুম নাচ এবং আনুষ্ঠানিক সান্ধ্য পোশাকের রীতির জন্য কুনার্ড শীর্ষ পছন্দ হিসেবে রয়ে গেছে। ২০২৭ সালে ২ হাজার ৬১ জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন কুইন ভিক্টোরিয়া জাহাজে শুরু হবে কুনার্ড লাইনের ১০৯ দিনের এ সমুদ্র যাত্রা।

যদি পুরো বিশ্ব ঘোরা কারও জন্য দীর্ঘ মনে হয়, তবে কুনার্ড লাইনে ছোট ছোট অংশ বুক করার সুযোগ রয়েছে। যেমন নিউইয়র্ক থেকে সিডনি পর্যন্ত ৩৫ রাতের সমুদ্রযাত্রা অথবা সিডনি থেকে হংকং পর্যন্ত ১৯ রাতের সমুদ্রযাত্রার মতো ছোট ভ্রমণও করা যায় কুনার্ড লাইনের এ বিশ্ব ভ্রমণে।

বলে রাখা ভালো, ওয়ার্ল্ড ক্রুজ আসলে বিলাসবহুল ভ্রমণ। প্রচুর সুযোগ-সুবিধাসহ দীর্ঘ সময় সমুদ্র ভ্রমণ করা যায় এতে। যাওয়া যায় বিশ্বের বিভিন্ন দেশে ও জনপদে। যাঁরা ওয়ার্ল্ডর ক্রুজ করার স্বপ্ন দেখছেন, তাঁরা একবার খোঁজ নিয়ে দেখতে পারেন ২০২৭-২৮ সালের জন্য।

রোমাঞ্চকর গলাচিপা খুমে

ভ্রমণকালে কোন সতর্কসংকেতে কী করণীয়

ভ্রমণের তালিকায় রাখুন বছর সেরা ১০ সবুজ শহর

হোটেল বা রিসোর্ট বুকিংয়ের সময় যা মনে রাখবেন

মীর ও আমালের রোমাঞ্চকর বিশ্ব রেকর্ড

পর্যটক ইয়াসির আরাফাতের চোখে সেরা থাইল্যান্ড নাকি মালয়েশিয়া

অ্যাঞ্জেল ডেলগাডিলো: দ্য ফাদার অব দ্য মাদার রোড

ফু কুয়োক: যেখানে সবুজের কোলে দাঁড়িয়ে আছে বিশ্ব স্থাপত্য

মে থেকে ফ্লাইট কমাবে থাই এয়ারওয়েজ

মিশেলিন গাইডের চোখে এ বছর ভোজনরসিকদের সেরা গন্তব্য