যাঁরা দেশের বাইরে ভ্রমণ করতে চান, তাঁদের জন্য সাশ্রয়ী ফ্লাইটের খোঁজখবর ভীষণ জরুরি। ইরানে চলমান সংঘাত ও বৈশ্বিক নানান কারণে এ বছর আকাশপথে ভ্রমণ আগের চেয়ে ব্যয়বহুল হতে পারে। জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় আন্তর্জাতিক বহু বিমান পরিবহন সংস্থা এরই মধ্যে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট সংখ্যা কমিয়ে এনেছে, অনেক প্রতিষ্ঠান আবার জ্বালানি চার্জ যুক্ত করেছে। ফলে আকাশপথে ভ্রমণের জন্য সাশ্রয়ী ফ্লাইট খোঁজার কোনো বিকল্প নেই। এমন কিছু অ্যাপ রয়েছে, যেগুলো নির্দিষ্ট সময়ে কম ভাড়ার ফ্লাইট টিকিটের বিস্তারিত তথ্য জানার জন্য সহায়ক। এমন পাঁচটি অ্যাপের কথা রইল এখানে।
গোয়িং
ফ্লাইট অ্যালার্টের জন্য জনপ্রিয় অ্যাপ গোয়িং। আপনার নির্বাচিত গন্তব্যগুলোতে যখনই বিমান ভাড়ায় ছাড় চলে, তখনই এটি ই-মেইল বা নোটিফিকেশন পাঠায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাধারণ মূল্যের ওপর ৯০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে থাকে তারা। এই অ্যাপ ব্যবহারকারীদের অনেকে ইকোনমি ফ্লাইটে গড়ে ৫৫০ ডলার সাশ্রয় করেন। এই অ্যাপ বিনা মূল্যে সীমিত অ্যাকাউন্টগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইট সম্পর্কে অ্যালার্ট দেয়। ব্যবহারকারীদের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ইকোনমি ফ্লাইট এবং ভুলের কারণে বাতিল হওয়া ফ্লাইটের বিশেষ ছাড় এবং পয়েন্ট দেয় প্রতিষ্ঠানটি। এ ছাড়া এই অ্যাপ তাদের এলিট প্ল্যান ব্যবহারকারীদের বছরে ১৯৯ ডলার খরচে প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাস ফ্লাইটের অ্যালার্ট দিয়ে থাকে।
স্কাই স্ক্যানার
স্কাই স্ক্যানারের একটি বিনা মূল্যের ফ্লাইট অ্যাপ রয়েছে। এটি অ্যাপল ও অ্যান্ড্রয়েড—উভয় ডিভাইসে ব্যবহার করা যায়। এতে নির্দিষ্ট তারিখ কিংবা রুটের জন্য অ্যালার্ট সেট করার সুযোগ আছে। ভ্রমণকারীরা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ—উভয় গন্তব্যের জন্য শত শত ফ্লাইটের মূল্য দেখার জন্য স্কাই স্ক্যানারের ক্যালেন্ডার ও চার্টও ব্যবহার করতে পারবেন। অ্যাপটি সেই সব ফ্লাইটকে হাইলাইট করে, যেগুলো বায়ুমণ্ডলে কম কার্বন ডাই-অক্সাইড নির্গমন করে। এ ছাড়া এটি ভ্রমণকারীদের পছন্দের বিমানবন্দরে থেকে যাত্রা করার জন্য বিভিন্ন ফ্লাইটের টিকিটের দাম খুঁজে পেতে সাহায্য করে। পছন্দের কোনো ফ্লাইট খুঁজে পেলে স্কাই স্ক্যানার সেটি কেনার জন্য একটি থার্ড-পার্টি বুকিং অ্যাপে পাঠিয়ে দেবে। হোটেল এবং গাড়ি ভাড়া করার জন্য স্কাই স্ক্যানার ব্যবহার করা যায়।
ডলার ফ্লাইট ক্লাব
এই অ্যাপের ফ্রি অ্যাকাউন্টধারীরা নির্দিষ্ট বিমানবন্দর থেকে ফ্লাইট-সম্পর্কিত অ্যালার্ট পেয়ে থাকেন। অন্যদিকে প্রিমিয়াম সদস্যরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ইকোনমি ফ্লাইটের অ্যালার্ট পেতে চারটি বিমানবন্দর এবং ১০টি গন্তব্য বেছে নিতে পারেন। এই অ্যাপের প্রিমিয়াম ব্যবহারকারী হতে হলে বছরে ৬৯ ডলার ব্যয় হবে। এ ছাড়া প্রিমিয়াম প্লাস সদস্যপদ পেতে ব্যয় হবে বছরে ৯৯ ডলার। এই অ্যাপ দাবি করে, সদস্যরা তাঁদের হোম এয়ারপোর্ট থেকে বিমান ভাড়ার ওপর ৯০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা পান।
হুপার
হুপার অ্যাপটি আপনাকে পছন্দসই মূল্যে ফ্লাইট খুঁজে পেতে এবং নিশ্চিতে সাহায্য করবে। এটি বিনা মূল্যে ডাউনলোড এবং ব্যবহার করা যায়। তবে কিছু ফিচার, যেমন যেকোনো কারণে ফ্লাইট বাতিল করার সুবিধার জন্য ফি প্রয়োজন হয়। এর অন্যতম প্রধান পরিষেবা হলো ভবিষ্যতের ভ্রমণ মূল্যের পূর্বাভাস দেওয়া, যা ভ্রমণকারীদের এখনই বুক করা উচিত, নাকি দাম কমার জন্য অপেক্ষা করা উচিত, সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
কিউই
অ্যান্ড্রয়েড ও অ্যাপল—উভয় ডিভাইসে এটি ব্যবহার করা যায়। অ্যাপটি ভ্রমণকারীদের জন্য বিশেষ অফার এবং সাশ্রয়ী মূল্য সম্পর্কে তথ্য দিয়ে থাকে। এটি সর্বনিম্ন খরচের ভ্রমণসূচি তৈরির জন্য নামকরা এয়ারলাইনসগুলো থেকে কম রেট খুঁজে দিতে সাহায্য করে। এই বিনা মূল্যের অ্যাপ ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট খোঁজার সুযোগ দেয়। এই সুবিধা বোহিমিয়ানদের জন্য আকর্ষণীয়; যাঁরা ছুটি কাটাতে প্রস্তুত, কিন্তু কোথায় যাবেন, তার ঠিক নেই। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ফ্লাইটের মূল্য সম্পর্কে তথ্য পেতে, মোবাইল বোর্ডিং পাস এক্সেস করতে এবং বিমানবন্দরের মানচিত্র দেখতে পারবেন। ব্যবহারকারীরা লয়ালটি প্রোগ্রাম কিউই ডট কম ক্লাবের সদস্য হলে ৫৮০ ডলার পর্যন্ত মূল্যের ভাউচার পেতে পারেন।
অন্যান্য
যাঁরা প্রায়ই ভ্রমণে যান, তাঁরা এক্সপার্টফ্লায়ার নামের অ্যাপটি ব্যবহার করতে পারেন। আবার ব্যবসার কাজে যাঁদের প্রায়ই দেশের বাইরে যেতে হয়, তাঁরা ব্যবহার করতে পারেন মাইরিভা।
সূত্র: ইউএসনিউজ