সকালটা তখনো পুরোপুরি শেষ হয়নি। ঘুম থেকে উঠে ধীরে ধীরে গোছগাছ, হোটেলের নাশতা, শেষবারের মতো বারান্দা থেকে শহরটি দেখা—সবকিছু মিলিয়ে ভ্রমণের শেষ সকালটা বেশ আরামেই কাটাতে চান বেশির ভাগ মানুষ। কিন্তু ঘড়ির কাঁটা ১২টার দিকে এগোলেই হোটেলের ফোন আসে—‘স্যার/ম্যাডাম, আপনার চেক-আউট টাইম।’
আপনার মনে কি প্রশ্ন জাগেনি, ঠিক ১২টাই কেন? ১১টা বা ১টা নয় কেন? অনেকেই মনে করেন, ঠিক ১২টায় চেক আউট করা একটা আন্তর্জাতিক আইন বা নিয়ম। কিন্তু জেনে অবাক হবেন, বেলা ১২টায় চেক-আউট কোনো আন্তর্জাতিক আইন নয়। বরং এটি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা হোটেল অপারেশন, হাউসকিপিং, অতিথির সুবিধা এবং পরবর্তী অতিথির জন্য ঘর প্রস্তুত করার একটি বাস্তবসম্মত সময়সূচি।
একটি হোটেল রুমের জীবনচক্র অনেকটা এমন—
পুরোনো অতিথি চেক-আউট → ঘর খালি → হাউসকিপিং → পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ → লিনেন পরিবর্তন → বাথরুম পরিষ্কার → প্রয়োজনীয় জিনিস পুনরায় রাখা → রুম পরিদর্শন → নতুন অতিথির চেক-ইন।
এই পুরো প্রক্রিয়াকে হোটেল ইন্ডাস্ট্রিতে রুম টার্নওভার হিসেবে ভাবা যায়।
ধরা যাক, একটি হোটেলের চেক-আউট দুপুর ১২টা এবং নতুন অতিথির চেক-ইন বেলা ২টা। তাহলে হোটেলের হাতে অন্তত দুই ঘণ্টার একটি গুরুত্বপূর্ণ ‘বাফার’ থাকে। এই সময়ে শুধু বিছানার চাদর বদলানোই নয়—বাথরুম পরিষ্কার, তোয়ালে ও টয়লেট্রিজ বদলানো, মেঝে পরিষ্কার, আবর্জনা সরানো, অন্যান্য সরঞ্জাম পরীক্ষা এবং কোনো ত্রুটি থাকলে তা ঠিক করার কাজও হতে পারে।
আর আধুনিক হোটেলে এই সময়ের প্রয়োজন আরও বেশি। কারণ, এখন ঘর পরিষ্কার করলেই কাজ শেষ হয় না। অনেক ক্ষেত্রে সুপারভাইজারের পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের কাজও করতে হয়।
এখানে আছে অতিথির সুবিধার হিসাব।
একজন পর্যটক যদি রাতে দেরিতে হোটেলে ফেরেন, সকালে ৮টা বা ৯টার মধ্যে ঘর ছাড়ার নিয়ম থাকলে তাঁর ভ্রমণের শেষ সকালটি বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে। দুপুর ১২টা পর্যন্ত সময় থাকলে অতিথি প্রয়োজনীয় সময় ঘুমিয়ে উঠে নাশতা করতে পারেন, ব্যাগ গোছাতে পারেন, গোসল করতে পারেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতিও নিতে পারেন ধীরে-সুস্থে।
অর্থাৎ দুপুর ১২টা হোটেলের জন্যও সুবিধাজনক, আবার অতিথির জন্যও তুলনামূলক আরামদায়ক।
এ কারণেই ১০টা থেকে ১২টার মধ্যে চেক-আউট সময়কে বিশ্বের বিভিন্ন হোটেলে একটি প্রচলিত সময়সীমা হিসেবে দেখা যায়।
এই সময়টাকে শুধু ঘর পরিষ্কারের সময় ভাবলে ভুল হবে।
একটি বড় হোটেলে একই সময়ে—
ফলে নির্দিষ্ট চেক-আউট সময় হোটেলের বিভিন্ন বিভাগের কাজকে একই ছন্দে চালাতে সাহায্য করে। সাম্প্রতিক হসপিটালিটি বিশ্লেষণগুলোও বলছে, চেক-আউট ও চেক-ইনের এই ব্যবধান মূলত হাউসকিপিং, মেইনটেন্যান্স এবং ফ্রন্ট ডেস্ক অপারেশনসকে সমন্বয় করার জন্য গুরুত্বপূর্ণ।
চেক-আউট দুপুর ১২টা এবং চেক-ইন বেলা ২টা—এটিকে চিরকালীন নিয়ম ভাবার কারণ নেই।
হোটেল ইন্ডাস্ট্রির সময়সূচি কালে কালে বদলেছে। একটি হসপিটালিটি ইন্ডাস্ট্রি বিশ্লেষণে ১৯৭০-এর দশকের একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে কলম্বোর ৫৬৬ কক্ষের হোটেল লঙ্কা ওবেরয়তে চেক-ইন ছিল দুপুর ১২টা এবং চেক-আউট বেলা ১১টা। অর্থাৎ অতিথি বের হওয়ার পর নতুন অতিথির জন্য ঘর প্রস্তুত করার সময় ছিল মাত্র এক ঘণ্টা। পরবর্তী সময়ে অনেক হোটেলে চেক-ইন ১টা, ২টা, ৩টা এমনকি ৪টা পর্যন্ত পিছিয়েছে।
এখানেই পর্যটকেরা বড় বিভ্রান্তিতে পড়েন।
আপনি যদি বেলা ২টায় হোটেলে ঢোকেন এবং পরদিন দুপুর ১২টায় বের হন, তাহলে আপনি ঘরটি ব্যবহার করেছেন ২২ ঘণ্টা। তাহলে ২৪ ঘণ্টার ভাড়া কেন? কারণ, হোটেল সাধারণত ঘণ্টা ধরে নয়, রাত বা স্টে-নাইট হিসেবে রুম বিক্রি করে।
হোটেলের ব্যবসায়িক মডেলটি অনেকটা এমন, একজন অতিথি বেরিয়ে যাবেন নির্দিষ্ট সময়ে, এরপর সেই একই রুমে আরেকজন অতিথি আসবেন। ফলে ঘরটি একটি নির্দিষ্ট সময়ের জন্য ‘ইনভেনটরি’ হিসেবে ব্যবস্থাপনা করা হয়।
এই কারণেই হোটেলের রাতকে ২৪ ঘণ্টার ব্যক্তিগত ভাড়া হিসেবে দেখা ঠিক নয়। চেক-ইন ও চেক-আউট আসলে একটি অপারেশনাল শিডিউল।
আপনি যদি দুপুর ১২টার পরও রুমে থাকতে চান, হোটেলকে আগে জানানোই ভালো। কারণ, আপনার পরে সেই রুমে অন্য অতিথির বুকিং থাকতে পারে। আপনি যদি ১টা পর্যন্ত থাকেন, হাউসকিপিংয়ের হাতে রুম প্রস্তুতের সময় এক ঘণ্টা কমে যায়। আর যদি নতুন অতিথি ২টায় এসে হাজির হন, তখন পুরো অপারেশনেই চাপ তৈরি হতে পারে।
এ কারণে অনেক হোটেল লেট চেক-আউট দেয়—কখনো সৌজন্য হিসেবে, কখনো অতিরিক্ত চার্জের বিনিময়ে। তবে সেটি সাধারণত রুমের প্রাপ্যতা এবং সেদিন পরের অতিথির বুকিং কখন আছে, তার ওপর নির্ভর করে।
তাই দুপুর ১২টায় চেক-আউটের ব্যাপারটি ঘড়ি নয়, পুরো হোটেলের কার্যক্রমের সমন্বয়।
সূত্র: হোটেলস পিডিয়া, মানিকন্ট্রোল ট্রাভেল, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল