হোম > জীবনধারা > রূপবটিকা

ফোম নাকি জেল ক্লিনজার

ফিচার ডেস্ক

বাজারে এখন বিভিন্ন ধরনের ক্লিনজার পাওয়া যায়। তবে কোনটি আপনার ত্বকের জন্য উপযোগী, তা বুঝতে পারছেন না, তাই তো? কিছু ক্লিনজার ফেনাযুক্ত, অন্যগুলো আবার জেল ক্লিনজার হিসেবে পরিচিত। কোনটি কী কাজে ব্যবহৃত হয়, সেটি আপনার জানা থাকলে ক্লিনজার বেছে নেওয়া সহজ হবে।

ফোম বা ফেনাযুক্ত ক্লিনজার

এ ধরনের ক্লিনজার ত্বকের ওপর জমে থাকা অতিরিক্ত তেল, ঘাম, ধুলো এবং প্রসাধনীর অবশিষ্টাংশ সহজে পরিষ্কার করতে পারে। তাই যাঁদের ত্বক তৈলাক্ত অথবা ব্রণপ্রবণ, তাঁদের জন্য এ ধরনের ক্লিনজার উপযোগী। ত্বক ডিপ ক্লিন করতে চাইলে ত্বকের রোমকূপ খুলে দিয়ে তার ভেতর থেকে ময়লা অপসারণেএ এই ক্লিনজার ভালো কাজ করে। তবে দিনে একাধিকবার এটি ব্যবহার করা নিরাপদ নয়। এতে ত্বকে উৎপন্ন প্রাকৃতিক তেল ধুয়ে যায় এবং ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে উঠতে পারে। কখনো কখনো ত্বকের ওপরের সুরক্ষা স্তরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

জেল ক্লিনজার

জেল ক্লিনজার কিন্তু ফোম ক্লিনজারের চেয়ে তুলনামূলক কোমল। এতে ফেনা তৈরি হয় না। কোনো কোনো জেল ক্লিনজারে ফেনা তৈরি হলেও তার পরিমাণ খুব কম। এটি ত্বক পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। তাই প্রায় সব রকম ত্বকের জন্য জেল ক্লিনজার ভালো বলা চলে। যাঁদের ত্বক মুখ ধোয়ার পর সহজে লালচে হয়ে যায়, তাঁদের জন্য এ ধরনের ক্লিনজার তুলনায় আরামদায়ক হতে পারে। কারণ, এতে প্রদাহনাশী উপাদান থাকে।

শুষ্ক ত্বকের জন্য জেল ক্লিনজার ব্যবহার করা ভালো। এতে প্যানথেনল, হায়ালুরনিক অ্যাসিড ও নিয়াসিনামাইডের মতো উপাদান থাকে। তবে এই ক্লিনজার ভারী মেকআপ কিংবা ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করতে পারে না। এসব বিশেষ ক্ষেত্রে আপনাকে ফোম ক্লিনজার ব্যবহার করতে হবে।

সূত্র: অ্যালিউর, ডার্মস্কিন ও অন্যান্য