হোম > জীবনধারা > রূপবটিকা

গ্লিসারিন ব্যবহারে ত্বকের ময়লা দূর হয়

শারমিন কচি, রূপ বিশেষজ্ঞ

পরামর্শ দিয়েছেন শারমিন কচি রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

ঠোঁটের কালচে ভাব দূর করতে চাই। দ্রুত সমস্যা সমাধানে কী করতে পারি?

সিন্থিয়া সুকন্যা, কুমিল্লা

সপ্তাহে দুই থেকে তিন দিন ঠোঁটের যত্ন নিতে হবে। বাইরে থেকে ফিরে অলিভ অয়েল ম্যাসাজ করে লিপস্টিক তুলতে হবে। মুখ ধোয়ার পর লিপবাম লাগাতে হবে। সপ্তাহে দুই দিন চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে ঠোঁট স্ক্র্যাব করলে উপকার পাওয়া যায়। দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগালে কালচে ভাব ধীরে ধীরে কেটে যাবে।

প্রচণ্ড গরমে বারবার মুখ-হাত ধোয়ার অভ্যাস হয়ে গেছে। এই গরমে ময়শ্চারাইজার ব্যবহার করতেও অস্বস্তি হয়। ফলে ত্বক খুব শুষ্ক হয়ে উঠছে। কী করব?

নানভি নূরনুন, টাঙ্গাইল

গোসল বা ত্বক পরিষ্কার করার পরপরই ত্বকে ওয়াটার বেসড ময়শ্চারাইজার লাগাতে হবে। যাঁরা দিনের বেশির ভাগ সময় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন, তাঁদের ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে। কারণ, সারাক্ষণ এসির নিচে থাকলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ফলে রাতে একটু বেশি করে ময়শ্চারাইজার ত্বকে লাগিয়ে ঘুমাতে গেলে ত্বক সুন্দর থাকবে। ময়শ্চারাইজারের পরিবর্তে গোলাপজল, গ্লিসারিন ও পানির মিশ্রণও ত্বকে ব্যবহার করতে পারেন। এতে ত্বক মসৃণ ও সুন্দর থাকার পাশাপাশি ত্বকের ময়লাও কাটবে।