শ্রীলঙ্কার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে সিনি সাম্বোল অন্যতম। পেঁয়াজ ধীরে ধীরে তেলে ভেজে তার সঙ্গে মরিচ, তেঁতুল, চিনি এবং মসলা মিশিয়ে তৈরি করা হয় এই ঝাল-মিষ্টি আচার। স্বাদে একসঙ্গে পাওয়া যায় টক, মিষ্টি ও ঝালের মিশ্রণ। ভাত, রুটি, ব্রেড কিংবা বিভিন্ন নাশতার সঙ্গে এটি খেতে ভালো লাগে।
পেঁয়াজ ১ কেজি, বীজহীন তেঁতুল ২০ গ্রাম, গরম পানি পরিমাণমতো, তেল পরিমাণমতো, দারুচিনি ৩ টুকরা, এলাচি ৬টি, লবঙ্গ ৬টি, মরিচের ফ্লেক্স ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া পরিমাণমতো, হলুদের গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো এবং চিনি ১ টেবিল চামচ, কারিপাতা ২টি, পানদানপাতা ১টি।
প্রথমে তেঁতুল গরম পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ভালোভাবে চটকে ঘন মণ্ড তৈরি করে বীজ ও আঁশ ফেলে দিন। একটি পাত্রে কাটা পেঁয়াজের সঙ্গে মরিচের ফ্লেক্স, মরিচের গুঁড়া ও হলুদ মিশিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে দারুচিনি, এলাচি এবং লবঙ্গ দিন। কয়েক সেকেন্ড পর কারিপাতা ও পানদানপাতা দিয়ে সুগন্ধ বের না হওয়া পর্যন্ত ভাজুন। এরপর মসলার সঙ্গে মেশানো পেঁয়াজ দিয়ে হালকা আঁচে রান্না করুন। পেঁয়াজ নরম হয়ে এলে লবণ দিয়ে আবার রান্না করতে থাকুন। পেঁয়াজ থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে আঁচ কমিয়ে দিন। এবার তেঁতুলের মণ্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে রান্না করুন। মাঝেমধ্যে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। পেঁয়াজ যখন নরম ও ঘন হয়ে আসবে এবং কিছুটা গাঢ় বাদামি রং আসবে, তখন পরিমাণমতো চিনি দিন। শেষে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলুন।
সিনি সাম্বোল পাউরুটি, ভাত, নারকেল, রুটি কিংবা ডিমের সঙ্গে খাওয়া যায়।
সূত্র: হাংরি লঙ্কানস