বিদেশি খাবারের স্বাদ নিতে সব সময় বিদেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরের থাকা চাল, ডাল, পাস্তা আর ছোলা দিয়ে তৈরি করা যায় মিসরের জনপ্রিয় খাবার কোশারি। দেশটির জনপ্রিয় এই পদটিতে একসঙ্গে মেলে দেশীয় ভাত-ডালের পরিচিত স্বাদ, পাস্তার ভিন্নতা আর মসলাদার টমেটো সসের স্বাদ। বাংলাদেশি রান্নাঘরে সহজেই মানিয়ে নেওয়া যায় বলে ব্যস্ত দিনের দুপুর বা সন্ধ্যার নাশতায় এটি হতে পারে নতুন এক আয়োজন।
চাল দেড় কাপ, ডাল দেড় কাপ, ম্যাকারনি ২ কাপ, সেদ্ধ ছোলা ১ কাপ, পেঁয়াজ ২টি, রসুন ৪ কোয়া, টমেটো সস ৩ কাপ, ময়দা সামান্য, ধনেগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, ভিনেগার ১ থেকে ২ টেবিল চামচ, লবণ, গোলমরিচ, তেল ও পানি পরিমাণমতো।
প্রথমে পেঁয়াজ পাতলা করে কেটে সামান্য লবণ ও ময়দা মাখিয়ে গরম তেলে মচমচে করে ভাজুন। এরপর তেলে পেঁয়াজ ও রসুন ভেজে টমেটো সস, ধনেগুঁড়া, মরিচ, লবণ ও গোলমরিচ দিয়ে ১৫ মিনিটের মতো রান্না করুন। শেষে ভিনেগার দিয়ে নামিয়ে নিন। ডাল সামান্য সেদ্ধ করে পানি ঝরিয়ে চালের সঙ্গে মিশিয়ে তেল, লবণ ও ধনেগুঁড়া দিয়ে রান্না করুন। চাল ও ডাল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখুন। আলাদা করে ম্যাকারনি সেদ্ধ করে নিতে হবে। সঙ্গে ছোলা হালকা গরম করে রাখুন।
একটি বড় বাটিতে প্রথমে ভাত ও ডাল, এরপর ম্যাকারনি ও ছোলা দিন। ওপর থেকে মসলাদার টমেটো সস ঢেলে দিন। সব শেষে ছড়িয়ে দিন মচমচে ভাজা পেঁয়াজ।
সূত্র: দ্য মেডিটেরিয়ান ডিশ