হোম > জীবনধারা > রেসিপি

ইন্দোনেশিয়ার গুলাই: মসলা, নারকেলের দুধ আর ইতিহাসের মেলবন্ধন

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার গুলাই একধরনের মসলাদার ঝোল বা কারি। নারকেলের দুধ, হলুদ, মরিচ, আদা, রসুন, লেমনগ্রাসসহ নানা মসলার সমন্বয়ে তৈরি হয় এই খাবার। মাংস, মাছ, সামুদ্রিক খাবার কিংবা শাকসবজি—প্রায় সবকিছু দিয়েই গুলাই রান্না করা যায়। বিশেষ করে সুমাত্রার পশ্চিমাঞ্চলের মিনাংকাবাউ জনগোষ্ঠীর রান্নায় গুলাইয়ের বিশেষ গুরুত্ব রয়েছে।

গুলাইকে অনেক সময় ‘ইন্দোনেশীয় কারি’ বলা হয়। তবে এটি শুধু একটি নির্দিষ্ট পদ নয়; অঞ্চল ও উপকরণভেদে এর স্বাদ, রং, ঘনত্ব এবং রান্নার ধরন বদলে যায়। কোথাও ঝোল বেশ ঘন, কোথাও তুলনামূলক পাতলা। তাই একে স্যুপ বলার চেয়ে মসলাদার ঝোল বা কারি বলা বেশি যথাযথ।

গুলাইয়ের ইতিহাস

গুলাইয়ের ইতিহাস বুঝতে হলে ইন্দোনেশিয়ার মসলা-বাণিজ্য ও ভারতীয় উপমহাদেশের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দীর্ঘ সাংস্কৃতিক যোগাযোগের দিকে তাকাতে হয়।

তেরো শতক থেকে ভারতীয় বণিকদের সঙ্গে সুমাত্রার পশ্চিম উপকূলের বাণিজ্যিক যোগাযোগ বাড়তে থাকে। এই যোগাযোগের মধ্য দিয়ে শুধু পণ্য নয়, খাদ্যাভ্যাস ও রান্নার কৌশলও আদান-প্রদান হয়। ভারতীয় রান্নার মসলা ব্যবহারের ধরন এবং নারকেলের দুধ দিয়ে ঝোল তৈরির কৌশল স্থানীয় খাদ্যসংস্কৃতির সঙ্গে মিশে যায়। মিনাংকাবাউরা স্থানীয় মসলা, নারকেলের দুধ ও উপকরণ ব্যবহার করে নিজস্ব স্বাদের কারি তৈরি করে। গুলাইকে এই সাংস্কৃতিক মেলবন্ধনের একটি উদাহরণ হিসেবে দেখা হয়।

তবে গুলাই ঠিক কোন সালে বা কার হাতে প্রথম তৈরি হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায় না। এর উৎপত্তি সম্পর্কে প্রচলিত ব্যাখ্যাগুলো মূলত ভারতীয় প্রভাব, স্থানীয় রান্নার ঐতিহ্য এবং মসলা-বাণিজ্যের ইতিহাসের ওপর নির্ভরশীল।

সময়ের সঙ্গে গুলাই সুমাত্রা ছাড়িয়ে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কিছু রান্নাতেও এর কাছাকাছি ধরনের পদ দেখা যায়। গুলাইয়ের জনপ্রিয় কয়েকটি ধরন হলো—গুলাই আয়াম (মুরগির মাংস), গুলাই কাম্বিং (খাসির মাংস), গুলাই ইকান (মাছ) এবং গুলাই দাউন সিংকং (কাসাভা পাতা)।

গুলাই আয়াম: ইন্দোনেশীয় মুরগির গুলাইয়ের রেসিপি

বিভিন্ন ধরনের গুলাইয়ের মধ্যে গুলাই আয়াম বেশ পরিচিত। মুরগির মাংস, নারকেলের দুধ এবং সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই পদ ভাতের সঙ্গে খাওয়া হয়।

ছবি: সংগৃহীত

৪ জনের জন্য উপকরণ

মুরগির মাংস ৭০০-৮০০ গ্রাম, নারকেলের দুধ ৪০০ মিলিলিটার, পানি ১ কাপ, মাঝারি পেঁয়াজ ৫টি, রসুন ৫ কোয়া, লাল মরিচ ৫-৬টি, আদা ২ সেন্টিমিটার, হলুদ ২ সেন্টিমিটার, গালাঙ্গাল বা থাই আদা ২ সেন্টিমিটার, মোমবীজ বা ক্যান্ডলেনাট ৩টি, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, লেমনগ্রাস ১টি, কাফির লাইম পাতা ৩-৪টি, তেজপাতা ২টি, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল-চামচ।

গালাঙ্গাল, ক্যান্ডলেনাট ও কাফির লাইম পাতা ইন্দোনেশীয় রান্নার পরিচিত উপকরণ। এগুলো না পেলে গালাঙ্গালের বদলে আদা এবং ক্যান্ডলেনাটের বদলে কাজুবাদাম ব্যবহার করা যায়। তবে স্বাদ কিছুটা বদলে যাবে।

রান্নার পদ্ধতি

মসলা তৈরি

পেঁয়াজ, রসুন, লাল মরিচ, আদা, হলুদ, গালাঙ্গাল, ক্যান্ডলেনাট, ধনে ও জিরা একসঙ্গে বেটে বা ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন।

মসলা কষানো

কড়াইয়ে তেল গরম করে মসলার পেস্ট দিন। লেমনগ্রাস থেঁতো করে কাফির লাইম পাতা ও তেজপাতা দিয়ে মাঝারি আঁচে কষান। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন এটি তৈরি।

মুরগি রান্না

মসলার মধ্যে মুরগির টুকরোগুলো দিয়ে ভালোভাবে নাড়ুন। কয়েক মিনিট কষিয়ে এক কাপ পানি দিন। ঢেকে মাঝারি আঁচে মুরগি প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

নারকেলের দুধ মেশান

এবার নারকেলের দুধ ও লবণ দিন। অল্প আঁচে রান্না করুন। মাঝে মাঝে নাড়তে থাকুন, যাতে নারকেলের দুধ ফেটে না যায়। ঝোল ঘন হয়ে মুরগির মাংসে মসলা মিশে গেলে চুলা বন্ধ করুন।

পরিবেশন

গরম গুলাই একটি বাটিতে ঢেলে পরিবেশন করুন। সঙ্গে সাদা ভাত, রুটি বা ইন্দোনেশীয় রাইস কেক পরিবেশন করা যায়।

গুলাইয়ের আরও কয়েকটি জনপ্রিয় ধরন

গুলাই কাম্বিং

খাসির মাংস দিয়ে তৈরি। মসলার তীব্র সুগন্ধ ও ঘন ঝোল এর বৈশিষ্ট্য।

গুলাই ইকান

মাছ দিয়ে রান্না করা হয়। উপকূলীয় অঞ্চলে এর নানা স্থানীয় সংস্করণ রয়েছে।

গুলাই দাউন সিংকং

কাসাভা পাতা দিয়ে তৈরি নিরামিষ পদ। নারকেলের দুধ ও মসলার ঝোল এর মূল আকর্ষণ।

গুলাই নাংকা

কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি। মাংসের মতো আঁশযুক্ত গঠন ও মসলার স্বাদ একে আলাদা করেছে।