থাই রন্ধনশিল্পের অন্যতম রিফ্রেশিং ও আরামদায়ক একটি খাবার হলো টম খা গাই। এটি মূলত নারকেলের দুধ ও মুরগির মাংস দিয়ে তৈরি একধরনের সুগন্ধি ও ক্রিমি থাই স্যুপ। থাই ভাষায় টম মানে সেদ্ধ করা, খা মানে গালঙ্গাল বা লেমনগ্রাসের মতো একটি সুগন্ধি আদা এবং গাই মানে মুরগির মাংস। নারকেলের দুধের স্মুথ ক্রিমি টেক্সচার, লেমন গ্রাস ও লেবু পাতার রিফ্রেশিং সুবাস এবং কাঁচা মরিচের হালকা ঝাল, সব মিলিয়ে এই স্যুপটি স্বাদে অতুলনীয়। বাংলাদেশে যেকোনো থাই রেস্তোরাঁয় এটি খুব জনপ্রিয়। তবে খুব সাধারণ কিছু উপাদান দিয়ে আমাদের রান্নাঘরেই এটি বানিয়ে নেওয়া যায়।
৩০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, ২ কাপ চিকেন স্টক বা হাড় সেদ্ধ করা পানি, দেড় কাপ ঘন নারকেলের দুধ, পাতলা করে স্লাইস করে কাটা দেশি আদা, ২ থেকে ৩টি লেমন গ্রাস, ৪ থেকে ৫টি সাধারণ কচি লেবুপাতা, ১ কাপ মাশরুম, ৩ থেকে ৪টি কাঁচা মরিচ, ২ টেবিল চামচ ফিশ সস বা স্বাদমতো লবণ, ১ থেকে ২ টেবিল চামচ লেবুর রস এবং আধা চা-চামচ চিনি। সাজানোর জন্য লাগবে সামান্য তাজা ধনেপাতা কুচি।
একটি পাত্রে প্রথমে চিকেন স্টক বা পানি ঢেলে মাঝারি আঁচে গরম হতে দিন। পানি হালকা ফুটে উঠলে তার মধ্যে স্লাইস করা আদা, থেঁতো করা লেমনগ্রাস এবং মাঝখান থেকে ছিঁড়ে নেওয়া লেবুপাতা দিয়ে দিন। এই সুগন্ধি মসলাগুলোকে ২ থেকে ৩ মিনিট ভালোভাবে ফুটতে দিন যেন তাদের সতেজ ফ্লেভার স্টকের সঙ্গে মিশে যায়। এরপর পাত্রে ছোট করে রাখা মুরগির মাংসের টুকরা এবং মাশরুম দিয়ে ৪ থেকে ৫ মিনিট সেদ্ধ করে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে চুলার আঁচ কিছুটা কমিয়ে নারকেলের দুধ ঢেলে দিন। খেয়াল রাখবেন, নারকেলের দুধ দেওয়ার পর স্যুপটি যেন তীব্র আঁচে না ফোটে, এতে দুধ ফেটে যেতে পারে। এবার এর সঙ্গে ফিশ সস, অল্প চিনি এবং থেঁতো করা কাঁচা মরিচ মিশিয়ে দিন। আরও ২ মিনিট একদম হালকা আঁচে ফুটিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিন। নামানোর ঠিক পরপরই তাজা লেবুর রস মিশিয়ে নিন।
টম খা গাই একদম ধোঁয়া ওঠা গরম-গরম পরিবেশন করতে হয়। স্যুপ বাটিতে ঢেলে ওপর থেকে কিছুটা তাজা ধনেপাতা কুচি ছিটিয়ে দিন।
সূত্র: হট থাই কিচেন