হোম > জীবনধারা > রেসিপি

বরফের দেশের উষ্ণ স্বাদ: ফিনল্যান্ডের হিকেই টক

ফিচার ডেস্ক, ঢাকা 

ফিনল্যান্ডের খাবার হিকেই টাক। ছবি: কাটি কেকসি

শীতের দেশে এক বাটি গরম স্যুপ শরীর ও মন—দুটোই উষ্ণ করে। ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী হিকেই টাক তেমনই এক আরামদায়ক খাবার। এটি মূলত স্যামন স্যুপ। আলু, স্যামন ও ক্রিম—এই তিন মূল উপকরণের সহজ সমন্বয়েই তৈরি হয় মোলায়েম ও সুস্বাদু এই স্যুপ।

উপকরণ

৩০০ গ্রাম টুকরা করা স্যামন মাছ, ৩টি মাঝারি আকারের টুকরা করা আলু, ১টি স্লাইস করা গাজর এবং ১টি কুচি করা পেঁয়াজ। ১ কাপ দুধ, আধা কাপ কুকিং ক্রিম, ৩ কাপ পানি, ১ টেবিল চামচ মাখন, ২ টেবিল চামচ কুচি করা পার্সলে, আধা চা-চামচ গোলমরিচ এবং লবণ পরিমাণমতো।

প্রণালি

প্রথমে আলু ও গাজর ছোট ছোট করে কেটে নিন। সবজির টুকরাগুলো ছোট রাখাই ভালো, এতে দ্রুত সেদ্ধ হবে। একটি বড় সস প্যানে পানি নিয়ে তাতে স্টক কিউব, তেজপাতা ও গোটা গোলমরিচ দিন। ফুটে উঠলে আলু ও গাজর দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। সবজি যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে, তখন স্যামনের চামড়া ছাড়িয়ে প্রায় ২ সেন্টিমিটার আকারের টুকরা করে স্যুপে দিয়ে দিন। স্যামন ও সবজি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অল্প আঁচে রান্না করুন। এরপর এতে ক্রিম ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। ক্রিম দেওয়ার পর স্যুপটি হালকা আঁচে রাখুন। প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে স্বাদ ঠিক করে চুলা বন্ধ করে দিন।

পরিবেশন

গরম-গরম হিকেই টাক বাটিতে ঢেলে ওপরে কুচি করা তাজা পার্সলে ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে পাশে শসা, টমেটো, হালকা সালাদও রাখতে পারেন।

সূত্র: কাটি কেকসি