আমেরিকায় মিটলোফ বেশ জনপ্রিয়। দেখতে অনেকটা পাউরুটির মতো হলেও এর মূল উপকরণ কিমা করা মাংস। তাই বাঙালির পরিচিত কিমার মাংসের সঙ্গে এর কিছুটা মিল পাওয়া যায়। কিন্তু রান্নার ধরন ও স্বাদে রয়েছে আমেরিকান ছোঁয়া। কিমার সঙ্গে ওটস, ডিম, দুধ ও মসলা মিশিয়ে পাউরুটির আকারে বেক করা হয় এটি। শেষে ওপরে কেচাপ ও মোজারেলা চিজ দিয়ে তৈরি করা হয় সুস্বাদু এই আমেরিকান পদ। আমাদের রান্নাঘরের কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আমেরিকান মিটলোফ।
গরুর মাংসের কিমা ৯০০ গ্রাম, ওটস ১ কাপ, পেঁয়াজ কুচি ১টি, দুধ আধা কাপ, ডিম ২টি, টমেটো কেচাপ ৬ টেবিল চামচ, পার্সলে কুচি পরিমাণমতো, রসুন কুচি ১ কোয়া, লবণ ও গোলমরিচ পরিমাণমতো এবং মোজারেলা চিজ ৪ স্লাইস। কেচাপের মধ্যে ৪ টেবিল চামচ মাংসের মিশ্রণে এবং বাকি ২ টেবিল চামচ ওপরে দেওয়ার জন্য ব্যবহার করতে হবে।
প্রথমে ওভেন ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিন। একটি বাটিতে গরুর কিমা, ওটস, পেঁয়াজ, দুধ, ডিম, ৪ কাপ টমেটো কেচাপ, পার্সলে, রসুন এবং সব মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি লোফ প্যানে দিয়ে চেপে সমান করে ১ ঘণ্টার মতো বেক করুন। এরপর বের করে ওপরে ২ টেবিল চামচ কেচাপ ছড়িয়ে মোজারেলা চিজ দিন। আবার পাঁচ মিনিট বেক করুন। চিজ গলে গেলে বের করে কিছুক্ষণ রেখে স্লাইস করে কেটে পরিবেশন করুন।
মিটলোফ গরম পরিবেশন করলে ভালো লাগে। এর সঙ্গে ডিম, আলু, সালাদ, সেদ্ধ সবজি রাখতে পারেন।
সূত্র: অল রেসিপিস