হোম > জীবনধারা > রেসিপি

ডালিম-আখরোটে পারস্যের স্বাদ, চিকেনে নতুন আয়োজন

ফিচার ডেস্ক, ঢাকা 

ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান। ছবি: স্যাফরন অ্যান্ড হার্বস ডট কম

বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ।

উপকরণ

মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা, ডালিমের রস আধা থেকে পৌনে এক কাপ, জাফরান পরিমাণমতো, চিনি ২ টেবিল চামচ, লবণ, গোলমরিচ, পানি পরিমাণমতো ও সাজানোর জন্য ডালিমের দানা।

প্রস্তুত প্রণালি

ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান। ছবি: স্যাফরন অ্যান্ড হার্বস ডট কম

প্রথমে আখরোট মিহি করে গুঁড়া করে নিতে হবে। এরপর প্যানে আঁচে কমিয়ে কয়েক মিনিট হালকা করে ভেজে নিন। অন্য একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে হালকা বাদামি করে নিন। এতে হলুদ দিয়ে চিকেন যোগ করে দুই পাশ সামান্য ভেজে নিন। এরপর পানি ও দারুচিনি দিয়ে কম আঁচে ১০ মিনিটের মতো রান্না করুন। তারপর মুরগির মাংস তুলে রেখে ওই রান্নার তরলে গুঁড়া করা আখরোট দিয়ে ঢেকে ঘণ্টাখানেক ধীরে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আখরোটের সস ঘন হয়ে এলে এতে ডালিমের রস, চিনি ও পানিতে ভেজানো জাফরান মিশিয়ে দিতে হবে। এরপর চিকেন দিয়ে আরও ৪০ থেকে ৪৫ মিনিট ধীরে রান্না করুন। শেষে পরিমাণমতো লবণ ও গোলমরিচ দিন।

পরিবেশন

ফেসেনজানের ওপর ছড়িয়ে দিন কয়েকটি টাটকা ডালিমের দানা। সাধারণত এটি গরম বাসমতী চালের ভাত, জাফরানি ভাত বা পারস্যের খাস্তা ভাতের সঙ্গে পরিবেশন করা হয়।

সূত্র: দ্য মেডিটেরিয়ান ডিশ