ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় সেদ্ধ ডিম প্রায় সবার পছন্দ। অনেকে সকালের তাড়াহুড়োয় সময় বাঁচাতে একসঙ্গে বেশ কয়েকটি ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন। সাধারণ কাঁচা ডিমের চেয়ে সেদ্ধ ডিম দ্রুত পচনশীল। কারণ, সেদ্ধ করার ফলে ডিমের খোসার ভেতরের প্রাকৃতিক সুরক্ষা কবচ নষ্ট হয়ে যায়।
ডিম সেদ্ধ করার পর খোসাসহ কিংবা খোসা ছাড়ানো অবস্থায় ফ্রিজে ৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার কম তাপমাত্রায় রাখলে সর্বোচ্চ ৭ দিন ভালো থাকে। তবে ঘরের সাধারণ তাপমাত্রায় সেদ্ধ ডিম ২ ঘণ্টার বেশি ভালো থাকে না। ঘরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ১ ঘণ্টার মধ্যে তা খেয়ে ফেলতে হবে বা ফ্রিজে রাখতে হবে। নইলে এতে সালমোনেলা ব্যাকটেরিয়া জন্মাতে পারে।
সূত্র: গুড হাউসকিপিং