প্রেমের সম্পর্কে আসা মানেই যেন সম্পর্কের রং চেনার এক নিরন্তর খেলা। সম্পর্কের নীল আকাশে যেমন কখনো কখনো লাল সতর্কবার্তা থমকে দাঁড়ানোর ইঙ্গিত দেয়, তেমনি কিছু ক্ষেত্রে ভেসে ওঠে হলুদ সংকেত বা ‘ইয়েলো ফ্ল্যাগ’। ট্রাফিক লাইটের হলুদ আলো মানেই গাড়ি থামিয়ে একটু থামা, দেখা এবং ভাবা। সম্পর্কের ক্ষেত্রেও ইয়েলো ফ্ল্যাগ হলো সেই হালকা সতর্কবার্তা। এটি চূড়ান্ত কোনো শেষ টেনে দেয় না। তবে একটু ধীরগতিতে পথ চলার আহ্বান জানানো হয়। এই সতর্কতাগুলোকে অবহেলা না করে অনুভবের জায়গায় রেখে সত্যকে বোঝার চেষ্টা করাই সম্পর্কের সৌন্দর্য। সম্পর্কের সেই নীরব ও সূক্ষ্ম ইয়েলো ফ্ল্যাগগুলো চেনার এবং অনুভবের পথগুলো চেনেন কি?
সম্পর্কের শুরুতেই যদি কেউ তার জীবনের প্রতিটি মুহূর্ত শুধু আপনাকে নিয়েই কাটাতে চায়, তবে তা এক প্রকার মানসিক নির্ভরতা তৈরি করে। নিজের স্বতন্ত্র জগৎ ভুলে এমন অতি-সংশ্লিষ্টতা সম্পর্কে ভারসাম্যের অভাব ঘটায়। আবার ভালোবাসার বাইরেও মানুষের নিজস্ব কিছু পছন্দ, শখ বা বন্ধুত্বের গণ্ডি থাকা প্রয়োজন। জীবনের অন্য কোনো আগ্রহ না থাকা কিংবা দীর্ঘদিনের কোনো বন্ধু না থাকা মানুষের একা থাকার প্রবণতা, বিষণ্নতা বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অমিল প্রকাশ করে।
দুজন মানুষের কথার অমিল হতেই পারে। এরই মধ্যে থাকে গোপনীয়তা। সঙ্গী যখন নিজের জীবনের ছোট ছোট ঘটনা লুকিয়ে রাখে বা এড়িয়ে যায়, তখন বিশ্বাসের বাঁধ ভেঙে যায়। মুখে এক কথা বলা আর কাজের মধ্যে বৈপরীত্য থাকা কিংবা অতীতের সম্পর্ক নিয়ে কেবল অন্যকে দোষারোপ করার প্রবণতা মনের ভেতর সংশয়ের বীজ বোনে। সম্পর্কের পথচলায় যেখানে দুজনের ছাড় দেওয়ার কথা, সেখানে যদি একজন সর্বদা আপস করতে বাধ্য হয়, তবে সেই সম্পর্কে জমে ওঠে নীরব কষ্ট। আপনার ব্যক্তিগত সীমানা, পছন্দ বা সময়কে গুরুত্ব না দেওয়া একধরনের সূক্ষ্ম অবহেলারই রূপ।
পরিবারের সঙ্গে অতিরিক্ত জড়ানো বা একেবারে সম্পর্ক না রাখা—বিষয় দুটি গভীর আলোচনার দাবি রাখে। একইভাবে অসচেতন কেনাকাটা বা অপরিকল্পিত দেনা সম্পর্কের ভবিষ্যৎ স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। প্রেমের অতীত গল্পে যদি বারবার হুট করে প্রতিশ্রুতি দেওয়া, আবার হুট করে ভেঙে যাওয়ার মতো একই দৃশ্যপটের পুনরাবৃত্তি ঘটে, তবে তা সম্পর্কের সুস্থতার স্বার্থেই চিনে রাখা প্রয়োজন।
নিজের মন ও কাছের মানুষের মতামত, এই দুইয়ের সমন্বয় মানুষের জীবনকে সহজ করে তোলে। সঙ্গীর পাশে থাকলে যদি কোনো এক অজানা দ্বিধা বা অস্বস্তি মনকে ঘিরে ধরে, তবে নিজের সেই অন্তর্নিহিত অনুভূতিকে অবহেলা করবেন না। আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনজনদের নিরপেক্ষ পর্যবেক্ষণও কখনো কখনো পথ দেখাতে সাহায্য করে। ইয়েলো ফ্ল্যাগ মানেই সব শেষ নয়। এটি সংশোধনের এক সুবর্ণ সুযোগ। অভিযোগের আঙুল না তুলে, সহানুভূতি ও খোলামেলা আলোচনার মাধ্যমে নিজের ভালো ও মন্দ লাগা প্রকাশ করা উচিত। প্রয়োজনে পেশাদার থেরাপিস্টের সাহায্য নিয়ে মনের সীমানা নির্ধারণ করাই সুস্থ ভালোবাসার পরিচয়।
প্রেমের এই দীর্ঘ ও জটিল পথে আলো আর ছায়ার খেলায় কিছুটা সংশয় থাকবেই। কিন্তু সম্পর্কের এই হালকা হলুদ সংকেতগুলোকে সচেতনতার সঙ্গে উপলব্ধি করে, নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে এগোতে পারলেই হৃদয়ের বন্ধন হয়ে উঠবে আরও গভীর, সুন্দর ও আত্মবিশ্বাসী।
সূত্র: ভেরি ওয়েল মাইন্ড, কসমোপলিটন