ফ্যাশন দুনিয়ায় নতুন নতুন ট্রেন্ড আসতে থাকলেও কিছু পোশাক একেবারেই ক্ল্যাসিক। তার মধ্যে অন্যতম হলো সাদা শার্ট। আবহাওয়া যখন কখনো তপ্ত রোদ আবার কখনো হিমেল হাওয়া নিয়ে খামখেয়ালি আচরণ করে, তখন আলমারির এই পোশাকই হতে পারে আপনার পরম বন্ধু। যেকোনো দিন, উৎসব বা ঋতুতে সাদা শার্ট যেমন মানিয়ে যায়, তেমনি এটি পরলে অনুভব হয় আরাম ও স্বাচ্ছন্দ্য। আর এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো ক্যাজুয়াল কিংবা ফরমাল লুকে এর বহুমুখী ব্যবহার। সামান্য সৃজনশীলতা আর রুচি যোগ করলে এই সাধারণ পোশাক আপনাকে যেকোনো আবহাওয়ায় অসাধারণ করে তুলতে পারে।
সকালের আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকলে সাদা শার্টের ওপর একটি ফিটেড কোটি বা ওয়েস্ট কোট পরে নিন। এর সঙ্গে ফরমাল ট্রাউজার যোগ করলে আপনাকে দেখাবে আত্মবিশ্বাসী ও ফরমাল। দুপুরের দিকে গরম লাগলে কোটিটি সহজে খুলে রাখতে পারবেন।
দুই দশক পুরোনো সেই জনপ্রিয় ক্যাপ্রি প্যান্ট এখন আবারও নতুন করে ফ্যাশনে ফিরেছে। সাদা শার্টের সঙ্গে রঙিন বা একরঙা ক্যাপ্রি পরলে একটি চনমনে ও আধুনিক লুক পাওয়া যায়। এর সঙ্গে হিল বা স্লিক স্যান্ডেল পরলে আপনার উচ্চতাও কিছুটা বেশি মনে হবে।
অফিস বা কোনো অনুষ্ঠান সবখানেই আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থিতি নিশ্চিত করতে সাদা শার্টের সঙ্গে লেদার পেনসিল স্কার্টের জুটি অতুলনীয়। লেদারের গাম্ভীর্য আর সাদা শার্টের কোমলতা মিলে আপনাকে এক অনন্য লুক দেবে।
সবচেয়ে সহজ অথচ নজরকাড়া স্টাইল হলো ওভারসাইজড সাদা শার্ট ও নীল জিনস। আরামদায়ক এই পোশাকটি গরমের দুপুরে বাতাস চলাচলে সাহায্য করবে, আবার সন্ধ্যার শীতলতায় দেবে সুরক্ষা। শার্টের সামনের অংশ কিছুটা গুঁজে পরলে আসবে এক অনন্য লুক।
সাদা শার্টের ওপর একটি ফিটেড করসেট বেল্ট বা লেয়ার যোগ করলে শরীরের গঠন সুন্দর দেখায়। এটি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ড। ফ্যাশন সচেতনদের জন্য এটি একটি জুতসই স্টাইল হতে পারে।
ছেলেরা যেভাবে শার্ট-টাই পরে, অনেক মেয়ে এখন সেই ‘অ্যান্ড্রোজিনাস’ স্টাইলটি বেশ অনুসরণ করছেন। হাই-ওয়েস্ট ট্রাউজারের সঙ্গে সাদা শার্ট ও একটি স্লিম টাই পরলে আপনাকে বেশ মার্জিত দেখাবে। এটি এসি রুমের ঠান্ডা পরিবেশ কিংবা যেকোনো করপোরেট মিটিং ও ফরমাল ইভেন্টের জন্য অত্যন্ত জুতসই। এর সঙ্গে মানানসই হিল জুতা আপনার নারীত্বকে ফুটিয়ে তুলবে, আবার লোফার জুতা পরলে পুরো সাজে আসবে নিখুঁত পেশাদারত্বের ছোঁয়া।
হালকা ঠান্ডা আবহাওয়ায় যখন হালকা কভারেজ প্রয়োজন হয়, তখন কোনো কামিজ বা ক্রপ টপের ওপর সাদা শার্টটি জ্যাকেট বা শ্রাগের মতো করে খুলে পরতে পারেন। এর সঙ্গে স্কার্ট বা বুট জুতা দারুণ মানায়।
গা থেকে পা পর্যন্ত সাদা পোশাকে ও অনুষঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন। সাদা শার্টের সঙ্গে সাদা ট্রাউজার রোদের তাপ যেমন প্রতিফলিত করে শরীর ঠান্ডা রাখবে, তেমনি ভিড়ের মধ্যে আপনাকে আলাদা করে তুলবে।
ছাপা নকশা বা উজ্জ্বল রঙের মিডি স্কার্টের সঙ্গে সাদা শার্ট ইন করে পরলে চমৎকার দেখায়। হালকা আবহাওয়ায় এটি একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে যে কাউকে অনেক বেশি মার্জিত ও ফ্যাশনেবল করে তোলে।
শার্টের একটি কাঁধ সামান্য নামিয়ে রাখলে এর গাম্ভীর্য কমে এসে একধরনের ক্যাজুয়াল ও স্বাচ্ছন্দ্যের ভাব ফুটে ওঠে। বন্ধুদের সঙ্গে আড্ডায় বা ঘুরতে যাওয়ার জন্য বাড়তি কোনো অলংকার ছাড়া স্টাইলটি অতুলনীয়।
সূত্র: ফেমিনা